এগারোখানের আলোর দিশারী পন্ডিত রাসমোহন মিশ্রের ১৫৩ তম জন্ম জয়ন্তী উৎসব পালনে দুই দিন ব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে ‘সর্বজনীন রাসমোহন মিশ্র সেবাশ্রম’ নামের একটি সংগঠন। কর্মসূচিতে আছে পন্ডিত রাসমোহন মিশ্রের জীবন দর্শনের উপর আলোচনা সভা,
শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরন, হরিলীলামৃত পাঠ ও বাউল গান। শুক্রবার সকালে মালিয়াট মাধ্যমিক বিদ্যালয় চত্বরে পন্ডিত রাসমোহন মিশ্রের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে কর্মসূচির শুভসূচনা হয়।
এদিন সকালে এ অঞ্চলের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের চারু-কারু বিভাগের প্রধান অধ্যাপক বিমানেশ বিশ্বাস।
বিকেলে অনুষ্ঠিত হয় পন্ডিত রাসমোহন মিশ্রের জীবন দর্শনের উপর আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন নড়াইল জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোহম্মদ আসাদুজ্জামান।
সর্বজনীন রাসমোহন মিশ্র সেবাশ্রম’ এর সভাপতি রমেশ চন্দ্র অধিকারীর সভাপতিত্বে এদিন বক্তব্য রাখেন, নড়াইল সদর হাসপাতালের চিকিৎসক অলোক বাগচী,
নড়াইল জেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও অন্তজার্তিক মতুয়া প্রচার মহাসংঘের সদস্য অশোক কুমার বিশ্বাস, ঝিকড়গাছা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা প্রভাষ চন্দ্র গোস্বামী, রঞ্জন কুমার রায়, রাজিব বিশ্বাস,
বিপুল বিশ্বাস, সেবাশ্রমের সাধারন সম্পাদক কানাই লাল মল্লিক, নির্মল বিশ্বাস, সুরঞ্জন গুপ্ত, দীপক অধিকারী প্রমুখ। শনিবার একই স্থানে আলোচনা সভা ও বাউল গানের মাধ্যমে দু’দিনের কর্মসূচি শেষ হবে।
পন্ডিত রাসমোহন মিশ্র ১৮৭২ সালে মালিয়াট গ্রামে জন্ম গ্রহণ করেন। তিনি যশোর-নড়াইলের সীমান্তবর্তী এলাকা এগারোখানের (১১টি গ্রাম) প্রথম ব্যাক্তি, যিনি মুসলমানদের মক্তবে অন্ডার প্রাইমারি (ইউপি) পাশ করেন।
এরপর অবহেলিত অঞ্চলে শিক্ষার আলো ছড়াতে ১৮৯৭ সালে নিজ গ্রামে একটি পাঠশালা খোলেন। ১৯০৬ সালে পন্ডিত রাসমোহন মিশ্র শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

Leave a Reply