যশোরের বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়নের তেঘরী গ্রামের পূর্বপাড়ার প্রবাসী যুবক মো. আব্দুল্লাহ (৩৮) মালয়েশিয়ায় কর্মস্থলে থাকা অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। স্থানীয় সময় রাতে হঠাৎ অসুস্থ হওয়ার পর তিনি আর সুস্থ হয়ে ওঠেননি। রবিবার, ৩০ নভেম্বর ২০২৫, বাংলাদেশ সময় ভোর ৫টার দিকে তার মৃত্যুর খবর দেশে পৌঁছালে এলাকায় নেমে আসে শোকের ছায়া।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)
গ্রামের জনপ্রিয়, বিনয়ী ও পরিশ্রমী এই যুবকের অকাল মৃত্যুর সংবাদ মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যম ও মোবাইল ফোনের মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরিবারের সদস্যদের কান্নায় ভেঙে পড়ার দৃশ্য দেখে হৃদয়বিদারক পরিবেশ তৈরি হয় পুরো তেঘরী গ্রামে।
দীর্ঘদিন প্রবাসে সংগ্রাম করে পরিবারের হাল ধরা মানুষটি আজ আর নেই
পারিবারিক সূত্রে জানা গেছে, মৃত আব্দুল্লাহ ছিলেন মো. এলাহি মোল্লার মেঝ ছেলে। দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় কর্মরত ছিলেন তিনি। পরিবারের আর্থিক সচ্ছলতা নিশ্চিত করতে দিনরাত খেটে বেড়াতেন। মৃত্যুকালে তিনি বাবা, মা, স্ত্রী ও একমাত্র কন্যা সন্তান রেখে গেছেন। তার হঠাৎ মৃত্যুতে পরিবারটি সম্পূর্ণ ভেঙে পড়েছে।
গ্রামের মানুষ জানায় অন্যের মুখে হাসি ফোটাতে সবসময় দৌড়াতো আব্দুল্লাহ। কারও সঙ্গে তার কোনো বিরোধ ছিল না। খুব ভালো মানুষ ছিল সে।
মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে ,মালয়েশিয়ায় অবস্থানরত তার দুই প্রবাসী ভাই ও এক ভাতিজা মরদেহ দেশে পাঠানোর জন্য স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে প্রয়োজনীয় সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করছেন। তারা আশা করছেন, আগামী কয়েক দিনের মধ্যেই মরদেহ বাংলাদেশে পাঠানো সম্ভব হবে।
এলাকার সুশীল সমাজের নেতৃবৃন্দ বলেন মরদেহ দেশে পৌঁছালে জানাজা ও দাফনের সময়সূচি যথাসময়ে জানানো হবে। এই দুর্দিনে শোকাহত পরিবারের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব।
গ্রামে চলছে স্বজন পাড়া প্রতিবেশীদের ভিড়, শোকের মাতম ,মৃত্যুসংবাদ জানার পর থেকেই আব্দুল্লাহর বাড়িতে ভিড় করছেন আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীরা। বাবা-মায়ের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। একমাত্র মেয়েটি এখনও বুঝে উঠতে পারছে না যে, তার বাবা আর কখনো ঘরে ফিরবেন না।
মৃত্যুর খবরে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনগুলো শোক প্রকাশ করে বলেন,প্রবাসীরা দেশের রেমিট্যান্স যুগিয়ে অর্থনীতির চাকা সচল রাখে। তাদের এমন অকাল মৃত্যু পরিবার এবং দেশের জন্য অপূরণীয় ক্ষতি।

Leave a Reply