সরকার ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সারাদেশের মতো যশোরের বাঘারপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন শুরু হয়েছে। ২৬ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত চলবে সপ্তাহব্যাপী এই আয়োজন। এ বছরের প্রতিপাদ্য “দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি” যার মাধ্যমে স্থানীয় জাতের সংরক্ষণ, উন্নত প্রজনন প্রযুক্তির ব্যবহার, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং প্রাণিসম্পদ খাতে টেকসই উৎপাদন নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য।
উদ্বোধনী দিনে উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় আধুনিক পশুপালন, খাদ্য ব্যবস্থাপনা ও প্রাণির স্বাস্থ্য পরিচর্যার গুরুত্ব তুলে ধরা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ অফিসার ডা. মো. শিমুল হোসেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাঘারপাড়ার সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা ওয়ালিদ হোসেন রুম্মান এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইয়ামিন হোসেন।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শামছুল আরফিন বলেন, সরকার প্রাণিসম্পদ উন্নয়নে স্থানীয় পর্যায়ে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে। এই সপ্তাহের মাধ্যমে খামারি ও সাধারণ মানুষ আধুনিক খামার ব্যবস্থাপনা, পশুর স্বাস্থ্যসেবা, উন্নত খাদ্য প্রযুক্তি এবং প্রযুক্তিনির্ভর উৎপাদন সম্পর্কে নতুন ধারণা লাভ করবে। এতে দেশের দুধ, মাংস ও ডিম উৎপাদন আরও বৃদ্ধি পাবে।
সপ্তাহব্যাপী এই আয়োজনে খামারি প্রশিক্ষণ, প্রদর্শনী, বিশেষ সেবা শিবিরসহ জনসচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

Leave a Reply