গ্রামীণ বিচার ব্যবস্থাকে আরও সক্রিয় ও কার্যকর করতে যশোরের বাঘারপাড়ায় অনুষ্ঠিত হয়েছে বিকেন্দ্রীকৃত পরিবীক্ষণ, পরিদর্শন ও মূল্যায়ন (ডিএমআইই) পদ্ধতি বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ। গতকাল উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে উপজেলার নয়টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিবসহ প্রশাসনিক কর্মকর্তারা অংশ নেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ভূপালী সরকার। তিনি বলেন, গ্রাম আদালতকে শক্তিশালী ও জনবান্ধব করতে ডিএমআইই পদ্ধতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রশিক্ষণের মাধ্যমে ইউনিয়ন পরিষদগুলো আরও পরিকল্পনা সমৃদ্ধভাবে স্থানীয় বিরোধ নিষ্পত্তি ও সেবাপ্রদান করতে পারবে।
প্রশিক্ষণে গ্রাম আদালত সক্রিয়করণ, মামলা ব্যবস্থাপনা, সেবা প্রাপ্তির পদ্ধতিসহ বিভিন্ন দিক নিয়ে কার্যকর আলোচনা করেন প্রশিক্ষকগণ। তারা বলেন, গ্রাম আদালতকে সক্রিয় করার মাধ্যমে স্থানীয় পর্যায়ে মামলা জট কমবে এবং সাধারণ মানুষ দ্রুত বিচার পেতে সক্ষম হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন, গ্রাম আদালত প্রকল্পের উপজেলা সমন্বয়কারী আঞ্জুমানআরা বেগমসহ বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি ও কর্মকর্তা-কর্মচারীরা।
পুরো প্রশিক্ষণ ব্যপ্ত সময়ে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয় এবং গ্রাম আদালতের কার্যক্রম আরও শক্তিশালী করার উপায় নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, প্রাপ্ত জ্ঞান ও কৌশল নিজেদের ইউনিয়নে প্রয়োগ করে আরও দক্ষতার সঙ্গে স্থানীয় বিরোধ নিষ্পত্তি ও সেবা প্রদান করতে পারবেন।

Leave a Reply