যশোরের বাঘারপাড়া পৌরসভার মেয়র কামরুজ্জামান বাচ্চুর বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার ১৪টি অভিযোগ এনেছেন পৌরসভার সাত কাউন্সিলর।
রোববার বিকেলে যশোর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ উত্থাপনের পর মেয়র কামরুজ্জামানকে বয়কটের ঘোষণা দেন ওই সাত কাউন্সিলর।একইসঙ্গ তারা মেয়রের অনিয়মের সহযোগী হিসেবে প্যানেল মেয়র শরীফুল ইসলামের নাম উল্লেখ করে তার বিরুদ্ধেও অনাস্থা আনা হয়েছে বলে জানান। তবে পৌর মেয়র কামরুজ্জামান অনিয়ম-দুর্নীতির এসব অভিযোগ অস্বীকার করেছেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে বাঘারপাড়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শহিদুল ইসলাম বলেন, মেয়র নিজের আত্মীয়-স্বজনদের কয়েকটি ছাড়া কোনো ঠিকাদারের লাইসেন্স নবায়ন না করে সব ঠিকাদারি কাজ আত্মীয়দের দিয়ে করাচ্ছেন। ২০১৯-২০২০ অর্থ বছরের আইইউআইডিপি প্রকল্পের প্রায় ১০ কোটি টাকার রাস্তা ও ড্রেন নির্মাণ কাজ চলমান। প্রকল্পের মেয়াদ শেষ হলেও কাজ শেষ হচ্ছে না।
তিনি আরও বলেন, পৌরসভায় ৪০টি ঠিকাদারি লাইসেন্স ইস্যু করা আছে। এর মধ্যে তার আত্মীয় স্বজনের ১০/১২ লাইসেন্স নবায়ন করা হয়েছে। তারাই পৌরসভার সব কাজের দরপত্রে অংশ নিচ্ছে। কিন্তু মেয়রের পক্ষের লোকজন না হওয়ায় অন্যদের লাইসেন্স নবায়ন করা হচ্ছে না। ফলে মেয়রের মতের বাইরে কেউ দরপত্রে অংশ নিতে পারছে না।
লিখিত বক্তব্যে শহিদুল ইসলাম বলেন, ২০১৬ সাল থেকে পৌরসভায় সচিবের পদ শুন্য রয়েছে। প্রকৌশলীকে দিয়ে সচিবের কাজ চালানো হচ্ছে। এতে দুর্নীতি চালিয়ে যাওয়া আরও সহজ হচ্ছে। এছাড়া অস্থায়ী কর্মচারী রবিউল ইসলামকে দিয়ে সহকারী হিসাব রক্ষকের কাজ করানো হচ্ছে। তাকে দিয়ে ভুয়া বিল ভাউচার তৈরি করে বড় অঙ্কের টাকা আত্মসাৎ করছেন মেয়র কামরুজ্জামান। কোনো কাউন্সিলরকে বিল ভাউচার এমনকি মাসিক সভার রেজুলেশন পর্যন্ত দেখতে দেওয়া হয় না। পরবর্তী সভায় গত সভার রেজুলেশন পাঠ করার নিয়ম থাকলেও সেটা করা হয় না। মেয়র মাসে দুই একদিন অফিস করেন। বিভিন্ন সময়ে বাড়িতে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করতে চাইলেও তিনি ঘণ্টার পরে ঘণ্টা বসিয়ে রাখেন। এছাড়া কাউন্সিলরদের সাথে তিনি গালিগালাজ করে কথা বলেন।
এদিকে পৌরসভা পরিচালনায় কোনো অনিয়মের সুযোগ নেই দাবি করে মেয়র কামরুজ্জামান বলেন, পৌরসভার সকল অবকাঠামো উন্নয়ন কাজের অগ্রগতি স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তারা নিয়মিত পরিদর্শন করেন। গণমাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে ঠিকাদারি লাইসেন্স নবায়ন করা হয়। সেখানে আমার আত্মীয় স্বজন বলে কোনো কথা না। এছাড়া কাজের বিল ভাউচার সংশ্লিষ্ট অডিট কর্তৃপক্ষ নিয়মিত অডিট করে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর ফয়সাল আহম্মেদ, সাহিন আলম, ওলিয়ার রহমান, সর্দার শহিদুল ইসলাম, সংরক্ষিত নারী কাউন্সিলর সম্পা রানী সরকার, নমিতা স্বর্মা ও তাসলিমা খাতুন।
প্রসঙ্গত, কামরুজ্জামান বাচ্চু যশোরের বাঘারপাড়া পৌরসভার মেয়র ছাড়াও তিনি পৌর আওয়ামী লীগের আহ্বায়ক। টানা দ্বিতীয় মেয়াদে পৌরসভার মেয়র পদে দায়িত্ব পালন করছেন তিনি। সর্বশেষ গেল বছরের ১৪ ফ্রেবুয়ারি পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকে চার হাজার ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন ।
সুত্র সমকাল
Leave a Reply