যশোর শহরতলীর পুলেরহাট বেড়বাড়ি এলাকায় বোমা বিস্ফোরণ ও গুলিবর্ষণের ঘটনার প্রধান অভিযুক্ত সন্ত্রাসী তানভীর হাসান তানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
রোববার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শান্তনু কুমার মন্ডল রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দিয়েছেন। তানভীর বেড়বাড়ি গ্রামের কাজী আসলাম বাবু ড্রাইভারের ছেলে।
মামলার অভিযোগে জানা গেছে, আসামি তানভীর আহমেদ তানের নেতৃত্বে তার সহযোগীরা এলাকায় ব্যাপক চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত।
এরমাঝে স্থানীয় মসজিদের সেক্রেটারি আনোয়ার হোসেনের বাড়িতে গিয়ে তানভীর ও তার সহযোগীরা গালিগালাজ ও জানালার গ্লাস ভেঙে ফেলে।
এ নিয়ে এলাকায় সালিশ হয়। এতে ক্ষিপ্ত হয়ে তানভীর ও তার সহযোগীরা গত ২৭ আগস্ট রাত আড়াইটার দিকে বেড়বাড়ি গ্রামের বাবুল হোসেনের বাড়িতে হামলা করে।
এ সময় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে হামলাকারীদের ধাওয়া করা হয়। হামলাকারীরা তখন বোমা হামলা ও গুলি করে পালিয়ে যায়।
এ ঘটনায় বেড়বাড়ি মসজিদ কমিটির সহ-সভাপতি বাবুল হোসেন বাদী হয়ে তানভীর হাসান তানসহ ১২ জনের বিরুদ্ধে মামলা করেন।
পুলিশ তানভীরকে আটক করে চার দিনের রিমান্ড আবেদন জানায়। আদালত রোববার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

Leave a Reply