যশোরে আলাদা মারামারির মামলায় চারজনকে এক বছর করে সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছে যশোরের একটি আদালত। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত না হওয়ায় দুই মামলার ১৮ জনকে খালাস দেওয়া হয়েছে।
রোববার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লস্কর সোহেল রানা আলাদা রায়ে এ আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত আসামিরা হলো, বাঘারপাড়ার পশ্চিমা গ্রামের বিনোদ অধিকারীর ছেলে সুশান্ত ও মৃত হরিপদর ছেলে গৌতম এবং একই গ্রামের গোপাল অধিকারীর ছেলে বিপ্লব ও অধীর অধিকারীর ছেলে সনাতন অধিকারী।
মামলার অভিযোগে জানা গেছে, পশ্চিমা গ্রামের গোপাল অধিকারী ও গৌতম অধিকারী পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। ২০১৪ সালের ১৪ আগস্ট গাছের শুকনো ডাল কাটাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে মারামারি হয়।
এ ঘটনায় উভয় পরিবারের কয়েকজন আহত হয়। এ ঘটনায় গোপাল অধিকারীর স্ত্রী কৃষ্ণ রাণী বাদী হয়ে সাজাপ্রাপ্ত সুশান্ত ও গৌতমসহ ১১ জনকে আসামি করে মামলা করেন।
এ ঘটনায় গৌতম অধিকারী বাদী হয়ে সাজাপ্রাপ্ত বিপ্লব অধিকারী ও সুশান্ত সহ ১১ জনকে আসামি করে বাঘারপাড়া থানায় পাল্টাপাল্টি মামলা করেন।
রোববার রায় ঘোষণার (ঘোষনার) দিনে সুশান্ত ও গৌতমকে ১ বছর করে সশ্রম কারাদণ্ড, দুই হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং বিপ্লব ও সনাতনকে এক বছর করে সশ্রম কারাদণ্ড, এক হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক মাস করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

Leave a Reply