যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যের উপর গুরুত্বারোপ করে বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পূর্বের যেকোন সময়ের চেয়ে অত্যন্ত কঠিন হবে।
নির্বাচনের জিততে হলে ঐক্যের কোন বিকল্প নেই।নির্বাচনে ঐক্যবদ্ধভাবে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে হবে। দলের হাইকমান্ড যাকে দলীয় প্রার্থী হিসেবে মনোনীত করবেন তার পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে নির্বাচনে লড়তে হবে।
দলের শৃঙ্খলা ভঙ্গকারী ও অপপ্রচারকারীদের সতর্ক করে তিনি বলেন, ‘গ্রিন সিগনাল’ পাওয়া গেছে দলের কোন মনোনয়ন প্রত্যাশীর পক্ষে ফেসবুকে এমন গুজব মিথ্যাচার-অপপ্রচার থেকে বিরত থাকুন।নেতাকর্মীদের নির্দেশনা দিয়ে তিনি বলেন, অতিউৎসাহী এসব অপপ্রচারকারীদের লাগাম টেনে ধরতে হবে
তিনি চৌগাছা-ঝিকরগাছা সংসদীয় আসনে দলীয় পাঁচজন মনোনয়ন প্রত্যাশী প্রার্থীর বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখেন উল্লেখ করে বলেন, এমনও অনেক দল আছে যারা একজন প্রার্থী দিতে পারেন না। অথচ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এমন একটি দল যাদের একটি আসনে মনোনয়ন প্রত্যাশী যোগ্য একাধিক প্রার্থী থাকেন।
তিনি আজকের এই যৌথ সভাটি দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে বলেন, এবারের জাতীয় সংসদ নির্বাচনটি হবে বেশ চ্যালেঞ্জিং। সে কারণে দল যাকেই মনোনীত করুক না কেন তার পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে।
তিনি মঙ্গলবার (১৪অক্টোবর) বিকালে ঝিকরগাছা উপজেলা ও পৌর বিএনপি কর্তৃক জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত এক যৌথ সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
ঝিকরগাছা উপজেলা বিএনপি’র সভাপতি ও কেন্দ্রীয় বিএনপি’র সদস্য সাবিরা নাজমুল এই যৌথ সভায় সভাপতিত্ব করেন।
পারবাজার পূর্বাশা কমিউনিটি সেন্টারে আয়োজিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। তিনি সাংগঠনিক শৃঙ্খলা নিয়মানুবর্তিতা ও দায়িত্বশীলতার উপর গুরুত্বারোপ করে দলের প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দকে কঠোর হুশিয়ারি ও সতর্ক করে দিয়ে বলেছেন,
”আমরা সবাই জবাবদিহিতার মধ্যে আছি, আপনাদেরকেও জবাবদিহি করতে হবে ।কেউ জবাবদিহিতার বাইরে নয়”। গুরুত্বপূর্ণ এই যৌথ সভায় বিলম্বে অংশগ্রহণ করায় ইউনিয়ন পর্যায়ের কয়েকজন নেতাকে তিনি ভৎর্সনা করে বলেন, দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ও দায়িত্বশীল হতে না পারলে দলীয় পদ ধরে রাখার দরকার নেই।
তিনি মহিলা দলের উপজেলা নেতৃবৃন্দের উদ্দেশ্য বলেন, প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে প্রত্যেক কর্মীকে আরো দায়িত্বশীল ও সক্রিয় হতে হবে। প্রত্যেক ভোটারের কাছে যেতে হবে।
দলীয় নেতা কর্মীদের কঠোর শৃঙ্খলা মেনে চলার নির্দেশনা দিয়ে দেলোয়ার হোসেন খোকন আরো বলেন, শৃঙ্খলা ভঙ্গকারী কেউ রেহাই পাবেনা। তিনি ধানের শীষের পক্ষে প্রত্যেক নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে প্রচার-প্রচারণার নির্দেশনা দিয়ে বলেন, দলের ভেতর কোন বিভেদ নয়। মনে রাখতে হবে, আমরা সবাই ধানের শীষের লোক। ঐক্যবদ্ধভাবে নির্বাচন করলে আমাদের বিজয় সুনিশ্চিত।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন তার বক্তৃতায় আরো বলেন, জামায়াত মনে করে এই আসনটি তাদের। আসলে বাস্তবে সেটি হবেনা। যদি আমরা ঐক্যবদ্ধভাবে একে অপরের সাথে একযোগে এক কাতারে নির্বাচনের মাঠে লড়াই করতে পারি। তবে আমাদের বিজয় সুনিশ্চিত।
যৌথ সভামঞ্চে আসীন দলীয় ৫জন মনোনয়ন প্রত্যাশীর নাম উল্লেখ করে তিনি নেতাকর্মীদের সাথে পরিচয় করিয়ে দেন।
বিএনপি নেতা গোলাম কাদের বাবলুর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র নেতা ও চৌগাছা-ঝিকরগাছা আসনের বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী এডভোকেট মোহাম্মদ ইসহাক, যশোর চেম্বার অব কমার্সের সভাপতি ও দলীয় মনোনয়ন প্রত্যাশী মিজানুর রহমান খান, চৌগাছা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ জহুরুল ইসলাম,
ঝিকরগাছা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট সামাদ হাসান নিপুন, ঝিকরগাছা উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক মর্তুজা এলাহি টিপু, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খোরশেদ আলম,পৌর বিএনপি’র সভাপতি রুহুল আমিন সুজন,
উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব অধ্যাপক শফিউল আজম রুমি ও মাগুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবদার হোসেন
।
অনুষ্ঠানে উপজেলার ১১টি ইউনিয়নের বিএনপি’র সভাপতি সাধারণ সম্পাদকসহ উপজেলা যুবদল ছাত্রদল ও মহিলা দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply