যশোরের অভয়নগর উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে দেশীয় তৈরি দুইটি পাইপগান ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
মঙ্গলবার (১৪ অক্টোবর) ভোররাতে উপজেলার প্রেমবাগ ইউনিয়নের মাগুরা গ্রামের শেখপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
যৌথ বাহিনীর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ৩টার দিকে সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা ওই এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযানের সময় আজাহারুল ইসলাম নামের এক ব্যক্তির বাড়ির পাশে স্তূপ করে রাখা জ্বালানি কাঠের ভেতর লুকানো অবস্থায় উদ্ধার করা হয়।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম রবিউল ইসলাম বলেন, “অভিযান চলাকালে পরিত্যক্ত অবস্থায় দুইটি পাইপগান ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।
ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি, তবে বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

Leave a Reply