যশোরের নওয়াপাড়া পৌরসভার গাজীপুর এলাকায় দীর্ঘদিন ধরে চলা জুয়ার আসর বন্ধ করে দিয়েছে পুলিশ। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে জুয়ার আসর নিয়ে সংবাদ প্রকাশের পর পুলিশের তৎপরতা বেড়ে যায়। এর ফলে এলাকাজুড়ে স্বস্তি ফিরে এসেছে, খুশি স্থানীয় বাসিন্দারা।
পুলিশের বাড়তি টহল ও অভিযানে জুয়াড়িরা এলাকা ছাড়তে বাধ্য হয়েছে। গত তিন দিনে অভয়নগর থানা পুলিশ ও স্থানীয় ফাঁড়ির সদস্যরা জুয়ার বিরুদ্ধে একাধিক অভিযান চালিয়েছে। সন্ধ্যার পর টহল জোরদার করায় জুয়াড়িরা আত্মগোপনে চলে যায় বলে জানান স্থানীয়রা।
গাজীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সনজিৎ কুমার বলেন,পুলিশের পক্ষ থেকে কোনো অন্যায় বরদাস্ত করা হবে না। যারা আইন ভঙ্গ করবে, তাদের আইনের আওতায় আনা হবে। আইন সবার জন্য সমান।”
তিনি আরও বলেন, “এলাকার তরুণদের খেলাধুলা, সাহিত্যচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে উৎসাহিত করা হবে। তবে জুয়া, মাদক ব্যবসা বা অশ্লীলতার মতো সামাজিক অবক্ষয়ের কাজ চলতে দেওয়া হবে না।”
স্থানীয়রা জানান, আইসি সনজিৎ কুমার পূজার ছুটি শেষে এসে গাজীপুরের জুয়ার আসর বন্ধ করে দিয়েছেন।
তাঁর এমন উদ্যোগে তারা স্বস্তি প্রকাশ করেছেন। স্থানীয়দের প্রত্যাশা এভাবেই এলাকায় শান্তি ও শৃঙ্খলা বজায় থাকবে।

Leave a Reply