জমি জায়গা নিয়ে প্রতিবেশীরা গালিগালাজ করলে নিষেধ করায় হামলা চালিয়ে মা মেয়েসহ তিনজনকে আহত করে ৯ আনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে শ্লীলতাহানী ঘটানোর অভিযোগে কোতয়ালি থানায় মামলা হয়েছে। রোববার দিবাগত গভীর রাতে মামলাটি করেন যশোর শহরের বেজপাড়া বনানী রোডের মৃত আসাদুজ্জামান আসাদের স্ত্রী মোছাঃ উর্মি জামান। মামলায় আসামী করেন, প্রতিবেশী মৃত ওমর আলীর ছেলে স্বপন ও একই এলাকার সহিদুলের ছেলে রকি।
মামলায় বাদি উল্লেখ করেন,গত ৭ সেপ্টেম্বর রাত সাড়ে ৭ টার সময় উল্লেখিত আসামীরা বাদির বসত বাড়ির সামনে গলির ভিতরে এসে বাদিসহ তার পরিবারকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। তখন বাদি গালিগালাজ করতে নিষেধ করায় তারা ক্ষিপ্ত হয়ে লোহার রড,বাঁশের লাঠি দিয়ে বাদির হাতে,পায়ে বুকে,পিঠে মাথাসহ শরীরের বিভিন্নস্থানে এলোপাতাড়ীভাবে আঘাত করে জখম করে।
তখন বাদির মেয়ে আরিফা জামান ঝিলিক (১৯) এগিয়ে এসে ঠেকানোর চেষ্টা করলে তাকেও মারপিট করে। এ সময় তার গলায় থাকা ৯ আনা ওজনের স্বর্নের চেইন ছিনিয়ে নিয়ে শ্লীলতাহানী করে।
বাদি ও তার মেয়ের ডাক চিৎকারে বাদির জা পলি বেগম এগিয়ে আসলে তাকেও মারপিট করে আহত করে। এসময় আহতদের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে আসামীরা খুন জখমের হুমকী দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় বাদির মেয়েকে চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়। ঘটনার বিষয় এলাকায় জানাজানি করে বাদি থানায় মামলা করেন।

Leave a Reply