কালের কণ্ঠ : মুক্তিযুদ্ধের এত বছর পরও মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পেতে অনেকে দৌড়াদৌড়ি করছেন। কেন এমনটা হচ্ছে?
আ ক ম মোজাম্মেল হক : এখন দৌড়ে কোনো লাভ নেই। আমরা এরই মধ্যে চূড়ান্ত তালিকা প্রকাশ করে দিয়েছি ওয়েব সাইটে। কাজেই এখন যাঁরা দৌড়ান, তাঁরা নিরর্থক দৌড়াচ্ছেন, বিভ্রান্তির মধ্যে পড়ে দৌড়াচ্ছেন বা দালালদের খপ্পরে পড়ে দৌড়াচ্ছেন।এখন নতুনভাবে আবেদন করার কোনো সুযোগ নেই। বরং তালিকা থেকে বাদ পড়ার সুযোগ রয়েছে। যদি প্রমাণ হয়, মুক্তিযুদ্ধ না করেও তালিকায় নাম উঠেছে, তাহলে সেই নাম বাদ যাবে। কিন্তু তালিকায় নতুন নাম যুক্ত হওয়ার কোনো সুযোগ নেই।
কালের কণ্ঠ : তাহলে যাঁরা এখন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলে (জামুকা) ভিড় করছেন, তাঁদের কী হবে?
আ ক ম মোজাম্মেল হক : এখন সমস্যা যেটা হচ্ছে, অনেকের বিরুদ্ধে অভিযোগ আছে যে মুক্তিযুদ্ধ করেননি। আবার হয়তো কেউ আছেন, যিনি মুক্তিযুদ্ধ করেছিলেন। এই সংখ্যাটা খুবই অল্প। হাজার খানেক হতে পারে। এগুলো এখন বিভাগীয় পর্যায়ে তদন্ত করা হচ্ছে। তদন্তের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সেগুলো যদি সংযোজনও করা হয়, সর্বোচ্চ এক হাজার হবে।
কালের কণ্ঠ : তাহলে সব কিছু নিষ্পত্তি করে তালিকা জনসমক্ষে আসবে কবে?
আ ক ম মোজাম্মেল হক : এরই মধ্যে আমরা জনসমক্ষে দিয়ে দিয়েছি (মন্ত্রণালয়ের ওয়েব সাইটে)। সেখানে লেখা আছে যে কিছু আবেদন অমীমাংসিত (আপিল পেন্ডিং) অবস্থায় আছে। আপিলে যে কয়জন আসে, সে কয়জন অন্তর্ভুক্ত হবে। আর যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, প্রমাণ হলে বাদ যাবে। এই সংখ্যা এক থেকে দুই হাজারের মধ্যে সীমাবদ্ধ থাকবে। এখন যে তালিকা আছে, সেটাকেই চূড়ান্ত হিসেবে ধরে নেওয়া যায়।
কালের কণ্ঠ : চূড়ান্ত ধরে নিলেও বলতে হবে একটি তালিকা করতে প্রায় ৫২ বছর লেগে গেল। বর্তমান সরকার টানা তিন মেয়াদে ক্ষমতায়। তালিকা করতে এই দীর্ঘ সময়, ভুল, অনিয়ম, দুর্নীতির অভিযোগ—এ ব্যাপারে কী বলবেন?
আ ক ম মোজাম্মেল হক : বারবার করা তালিকার মধ্যে ভুল ছিল। একসময় আমাদের যাঁরা ভারতে মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ নিয়েছেন বা দিয়েছেন, সেই রেকর্ডগুলো ভালোভাবে সংরক্ষণ করেনি। দুরদর্শিতার অভাব ছিল। সে কারণেই কিন্তু এই সমস্যাগুলো হয়েছে। তালিকা ও নথিগুলো যদি যথাযথভাবে সংরক্ষণ করা হতো, তাহলে হয়তো এত বিতর্ক হতো না।
কালের কণ্ঠ : তালিকা তৈরিতে জামুকা ও মন্ত্রণালয়ে অনিয়ম হয়েছে?
আ ক ম মোজাম্মেল হক : এখানে অনেক স্তর আছে। পিয়ন থেকে শুরু করে মন্ত্রী পর্যন্ত। অনেক লোক বিভিন্ন দায়িত্ব পালন করেন। কোনো না কোনো স্তরে হয়েও থাকতে পারে। আমরা সে জন্য বারবার অনুরোধ করছি, যদি কোনো অমুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা হয়ে থাকে, আপনারা সুনির্দিষ্টভাবে সেটার তথ্য আমাদের দেন। আমরা অবশ্যই যাচাই করে ব্যবস্থা নেব।
কালের কণ্ঠ : স্বাধীনতাবিরোধীদের তালিকা প্রকাশ করার বিষয়টি কোন পর্যায়ে রয়েছে।
আ ক ম মোজাম্মেল হক : এটার বিষয়ে আইন পাস হয়েছে। আমাদের সংসদীয় কমিটির সভাপতি শাজাহান খানের নেতৃত্বে আমরা কমিটি করে দিয়েছি। নীতিমালা করে তাঁরা বাছাই করবেন। এটার ব্যাপারে শাজাহান খান ভালো বলতে পারবেন।
কালের কণ্ঠ : আরো বিদেশি বন্ধুদের সম্মাননা দেওয়ার কথা আমরা শুনেছি, সেটা কবে নাগাদ হতে পারে?
আ ক ম মোজাম্মেল হক : এই পর্যায়ে আমরা ৩০০ জনের বেশি বিদেশি বন্ধুকে সংশ্লিষ্ট দূতাবাসের মাধ্যমে সম্মাননা দেব। এখনো পরীক্ষা-নিরীক্ষা হচ্ছে। প্রাথমিক বাছাই শেষে চূড়ান্ত করা হবে। সেটা এ বছর আর হচ্ছে না। আমরা আগামী বছরের ২৬ শে মার্চকে নির্ধারণ করেছি এটার জন্য।
কালের কণ্ঠ : মুক্তিযুদ্ধের চেতনা আর আজকের বাংলাদেশ সম্পর্কে আপনার মূল্যায়ন জানতে চাই।
আ ক ম মোজাম্মেল হক : যে প্রত্যাশা বা আকাঙ্ক্ষা নিয়ে আমাদের মহান মুক্তিযুদ্ধ হয়েছিল, সে লক্ষ্য আমরা পুরোপুরি অর্জন করতে পারিনি। কারণ বঙ্গবন্ধুকে হত্যার পর যারা রাষ্ট্রক্ষমতায় এসেছিল, তারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করত না। মুক্তিযুদ্ধের প্রত্যক্ষ বিরোধিতাকারী ও যুদ্ধাপরাধীদের নিয়ে জিয়াউর রহমান মন্ত্রিসভা গঠন করেছিলেন। (এই ধরনের শক্তি) ৫২ বছরের মধ্যে ২৯ বছর রাষ্ট্র পরিচালনা করেছিল। এই ২৯ বছরে রাষ্ট্রকে পাকিস্তানি কায়দায় অকার্যকর ও ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার জন্য যা যা করণীয় তা-ই করা হয়েছে। বঙ্গবন্ধু ও তাঁর মেয়ে (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) রাষ্ট্র পরিচালনা করেছেন ২৩ বছর। দেশকে আবার সঠিক পথে এনে সেটার উন্নয়ন করা নিঃসন্দেহে দুরূহ এক কাজ। সেই কাজটাই করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টানা ক্ষমতায় থাকার কারণেই এটা সম্ভব হয়েছে।
Leave a Reply