পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের অঙ্গীকারে যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের বাঘারপাড়া উপজেলা ইউনিটের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৫/০৯/২৫ সেপ্টেম্বর ) বিকালে বাঘারপাড়া উপজেলার বেলদেঘাটা মোড় শেরশাহ সড়কের পাশে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি খান কেএম শরাফত উদ্দীন। সভাপতিত্ব করেন বাঘারপাড়া সাংবাদিক ইউনিয়নের ইউনিট প্রধান তরুণ মন্ডল।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাঘারপাড়া সাংবাদিক ইউনিয়নের ডেপুটি ইউনিট প্রধান শহিদুল ইসলাম, কার্যনির্বাহী পরিষদের সদস্য শামিম রেজা, সংগঠনের সদস্য এস এম মুস্তাইন, গোলাম রসুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন আজ একটি বৈশ্বিক সমস্যা। পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষই সবচেয়ে বড় অবলম্বন।
তারা সাংবাদিক ইউনিয়নের এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে আগামী প্রজন্মের জন্য সবুজ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হয়। আয়োজকরা জানান, সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালিত হবে।
বৃক্ষরোপণ শেষে অতিথিরা বলেন, গাছ শুধু পরিবেশ রক্ষা করে না, এটি মানুষের জীবিকা, স্বাস্থ্যের সুরক্ষা এবং অর্থনীতির শক্ত ভিত্তি তৈরি করে। তাই প্রত্যেকের উচিত অন্তত একটি হলেও গাছ লাগানো এবং তার পরিচর্যা করা।
পরিশেষে তারা সবাইকে আগামী দিনে যশোরকে আরও সবুজ ও বাসযোগ্য জেলার রূপ দিতে সম্মিলিত উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান।





Leave a Reply