যশোরে পৃথক দুই মামলায় আটক আট আসামির রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বুধবার পৃথক দুই আদালতে একটি চুরি ও অপরটি জুয়া মামলায় আসামিদের রিমান্ড মঞ্জুর করা হয়।
আদালত সূত্র জানায়, অভয়নগরের বনগ্রামের গরু চুরি মামলায় ছয়জনের একদিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বুধবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মঞ্জুরুল ইসলাম রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দিয়েছেন।
আসামিরা হলো, বাগেরহাট ফকিরহাটের পাগলা শ্যামনগর গ্রামের উত্তরপাড়ার সৈয়দ মোল্লার ছেলে সুমন মোল্লা জেমস, লখপুর গ্রামের গেলাজার শেখের ছেলে রিপন শেখ, সদরের মুলঘর গ্রামের মারুফ শেখের ছেলে ওবায়দুল শেখ, দশআনি গ্রামের সজিব শেখের ছেলে রানা শেখ, যশোর বেনাপোলের আমড়াখালি গ্রামের হোসেন আলীর ছেলে জালাল ও একই গ্রামের জয়নাল আবেদিনের ছেলে শিমুল হোসেন।
মামলার অভিযোগে জানা গেছে, গত ১৯ নভেম্বর গরু চুরি করতে যেয়ে যশোর সদর থেকে ওই ছয়জনকে আটক করে জনতা পুলিশে দেয়। এ মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ওয়াহিদুল হক ওই ছয়জনকে অভয়নগর থানার একটি গরু চুরি মামলায় আটক দেখায় ও ৫ দিন করে রিমান্ড চেয়ে গত ২৭ নভেম্বর আবেদন করা হয়। গতকাল বুধবার আসামিদের রিমান্ড আবেদনের শুনানি শেষে বিচারক প্রত্যেকের একদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
এছাড়া, মোবাইলে জুয়া খেলে অবৈধ ভাবে টাকা পাচারের ঘটনায় আটক দুইজনের একদিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আসামিরা হলো মণিরামপুরের কমলপুর গ্রামের চিত্তরঞ্জন রায়ের ছেলে বিপ্লব রায় ও আনন্দ কুমার রায়ের ছেলে সমীর কুমার রায়। বুধবার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আরমান হোসেন রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দিয়েছেন।
মামলার অভিযোগে জানা গেছে, যশোরের র্যাব-৬ গোপন সংবাদে জানতে পারে চিত্তরঞ্জন রায় ডলার ক্রয়-বিক্রয় ও মোবাইল ব্যাংকের মাধ্যমে টাকা আদান প্রদান করছে। গত ২৭ নভেম্বর র্যাবের একটি দল অভিযান চালিয়ে বাড়ি থেকে বিপ্লব রায়কে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে সে মোবাইল এ্যাপসের মাধ্যমে জুয়া খেলে বলে স্বীকার করে। একই সাথে তার স্বীকারোক্তিতে সমীরকে একই অপরাধে আটক করা হয়। এ ঘটনায় র্যাবের ডিএডি রিপন শিকদার বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে দুই জনকে আসামি করে মণিরামপুর থানায় মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা আটক দুইজনের পাঁচ দিন করে রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। গতকাল রিমান্ড আবেদনের শুনানি শেষে প্রত্যেকের একদিন করে রিমান্ড মঞ্জুর করেন।



Leave a Reply