যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের দৌলতদিহি গ্রামে দুর্বৃত্তদের হামলায় একাধিক মামলার আসামি ও যুবলীগ নেতা রেজাউল ইসলাম (৫০) নিহত হয়েছেন। মঙ্গলবার (১২ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে নিজ বাড়ির সামনের রাস্তায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নিহতের গলা, বুকে, ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের ১৩টি আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এর মধ্যে গলায় রয়েছে চারটি কোপের দাগ।
নিহতের ছেলে মেহেদি হাসান জানান,রেজাউল রাত সাড়ে ১২টার দিকে পাশের একটি চায়ের দোকান থেকে বাড়ি ফিরছিলেন। দৌলতদিহি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে পৌঁছালে দুর্বৃত্তরা এলোপাতাড়ি কুপিয়ে ও গলা কেটে তাকে হত্যা করে।
স্বজনদের অভিযোগ, স্থানীয় ওহাব, আইয়ুব খান, ফরিদ ও বাবলুর ইন্ধনে এ হত্যাকাণ্ড ঘটেছে। তারা জানান,রেজাউল একসময় ‘সিরিয়াল কিলার’ মোখলেছুর রহমান নান্নুর সেকেন্ড ইন কমান্ড হিসেবে পরিচিত ছিলেন।
নান্নু ২০১৬ সালে ভারতে পালিয়ে যান এবং ২০১৭ সালের আগস্টে সেখানেই খুন হন। এর পর রেজাউল কৃষিকাজে যুক্ত হলেও পূর্বের শত্রুতার কারণে তিনি হামলার শিকার হন বলে ধারণা করা হচ্ছে।
চুড়ামনকাটি সাজিয়ালী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আব্দুর রউফ বলেন,“একাধিক মামলার আসামি রেজাউলকে প্রতিপক্ষ সন্ত্রাসীরা খুন করেছে বলে ধারণা করছি। তদন্ত চলছে।”
যশোর কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত বলেন, “পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।” ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

Leave a Reply