চট্টগ্রামের প্রাণহরি আমিন একাডেমি স্কুলে ক্রীড়া শিক্ষক আবু জাফরের বিরুদ্ধে উঠেছে বিস্ফোরক অভিযোগ—রাজনীতির নামে ক্ষমতার প্রদর্শন, সহকর্মীদের অপমান, শিক্ষার্থীদের নিরাপত্তা হুমকির মুখে ফেলা এবং অবৈধ সম্পদে ডুব দেওয়া। স্থানীয়দের অভিযোগ, তিনি শুধু শিক্ষক নন, পুরো বিদ্যালয়কে নিজের ব্যক্তিগত ক্ষমতার রাজ্যে পরিণত করেছেন।

আওয়ামী লীগের তৎকালীন শাসনামলে যুবলীগ নেতা পরিচয়ে ঠিকাদারি, চাঁদাবাজি ও ভূমিদস্যুতায় জড়িত ছিলেন তিনি। শ্রেণি কার্যক্রম চলাকালেও প্রকাশ্যে রাজনৈতিক সভা ও সমাবেশ আয়োজন করে শিক্ষকতার নীতি ভেঙেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সহকর্মী জানান, আবু জাফর শিক্ষক কর্মচারী শৃঙ্খলা বিধি ও বাংলাদেশ সার্ভিস রুলস ভঙ্গ করে বহুদিন ধরে ক্ষমতার দাপট দেখাচ্ছেন। প্রধান শিক্ষক তার নির্দেশ অমান্য করলে চেয়ার থেকে লাথি মেরে ফেলার হুমকি দিয়েছেন বলেও অভিযোগ রয়েছে।
এ ঘটনায় বিদ্যালয় ম্যানেজিং কমিটি, বিভাগীয় কমিশনার, জেলা শিক্ষা অফিসার ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কাছে অভিযোগপত্র পৌঁছেছে। তবুও প্রভাবশালী মহলের ছত্রছায়ায় থেকে যাচ্ছেন তিনি।

ব্যক্তিগত জীবনেও রয়েছে কালো অধ্যায়—শিক্ষার্থীদের উত্ত্যক্ত, নামে-বেনামে বিপুল সম্পদ অর্জন, এমনকি নিজের ছেলেকে আমেরিকায় পাঠাতে ২০-২৫ লাখ টাকা ব্যয়—যা সাধারণ শিক্ষকতার বেতনের সঙ্গে আকাশ-পাতাল তফাত।
স্থানীয়রা বলছেন, দুর্নীতি দমন কমিশন তদন্ত করলে ভয়াবহ চিত্র বেরিয়ে আসবে। অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের ক্ষোভ এখন তুঙ্গে—তাদের ভাষায়, “এ শিক্ষক শিক্ষা নয়, ধ্বংসের পাঠ শেখায়।”

Leave a Reply