মোঃ মঈন উদ্দিন ওরফে খাজা মিয়া, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উপ-সহকারী পরিচালকের দপ্তর, খুলনা এর উচ্চমান সহকারী কাম-ক্যাশিয়ার। গ্রামের বাড়ি নড়াইল সদর উপজেলার মূলদাইড় গ্রামে। এক সময় তিন বেলা খাবার যোগাড়ে হিমশিম খেতেন। এমন অবস্থা ছিল যে ‘নুন আনতে পান্তা ফুরিয়ে যেত’। মোঃ মঈন উদ্দিন ওরফে খাজা মিয়ার পিতা মৃত সৈয়দ লুৎফর রহমান খুলনার কোন একটি জুট মিলে ছোট-খাট চাকুরী করতেন। সংসারে স্বামী-স্ত্রী, ৪ ছেলে ও ১ মেয়েসহ মোট ৭জনের সংসারে একার উপার্জনে সংসারে অভাব অনটন লেগেই থাকত। পরবর্তিতে মোঃ মঈন উদ্দিন ওরফে খাজা মিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দপ্তরে চাকুরী পান। বংশে ‘সৈয়দ’ এবং পুরা নাম সৈয়দ মঈন উদ্দিন হলেও চাকুরিস্থলে তার নাম ‘ মোঃ মঈন উদ্দিন’ এবং নিজ গ্রামে তিনি ‘খাজা মিয়া’ নামে অধিক পরিচিত।
নিজে চাকুরী পাওয়ার পর ধীরে ধীরে অপর ৩ ভাই সৈয়দ আব্দুল্লাহ, সৈয়দ আব্দুল কাদের এবং সৈয়দ ইব্রাহিমকেও একই বিভাগে চাকুরী দিতে সক্ষম হন। ভাই সৈয়দ আব্দুল কাদের বর্তমানে মাদারিপুর সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসে ড্রাইভার পদে কর্মরত আছেন। এছাড়া একমাত্র বোনের স্বামী সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মৃত মোঃ ইসলাম শেখের ছেলে এমদাদুল শেখকেও ওই বিভাগে চাকুরী জুটিয়ে দেন। ৪ ভাই চাকুরী পাবার পর কেমন যেন এ পরিবারটি ‘আঙ্গুল ফুলে কলা গাছ’ হয়ে যান। সম্প্রতি এলাকাবাসির কাছ থেকে মোঃ মঈন উদ্দিন ওরফে খাজা মিয়ার বিরুদ্ধে চাকুরীর নামে প্রতারণা করে কয়েক কোটি টাকা হাতিয়ে নেওয়ার ঘটনাটি এলাকায় চাউর হয়ে যায়।
অভিযোগের বিষয়ে তথ্যানুসন্ধানে জানা যায়, বিভিন্ন সময়ে সদর উপজেলার আপন বোনের স্বামী রামচন্দ্রপুর গ্রামের এমদাদ হোসেন শেখসহ মূলদাইড় গ্রামের মোট ১১জনকে মোটা অংকের টাকা উৎকোচ নিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দপ্তরসহ বিভিন্ন অফিসের বিভিন্ন জেলা–উপজেলায় চাকুরী দিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যাক্তি জানিয়েছেন, সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের অবসরপ্রাপ্ত বাংলাদেশ কৃষি বিভাগের এক কর্মকর্তার ছেলে আমিনুর রহমানকে এনএসআই এর ফিল্ড অফিসার পদে চাকুরি দেওয়ার কথা বলে ২ বছর আগে সাড়ে ১১ লাখ টাকা গ্রহন করেছেন। কিন্তু খাজা মিয়া আমিনুর রহমানকে চাকুরি দিতে পারেননি এমনকি টাকাও ফেরত দেননি।
এছাড়া অপর একটি সূত্র জানায়, মূলদাইড় গ্রামের পুলিশের অবসরপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কার ওরফে বক্কার দারোগার ছেলেকেও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দপ্তরে বা অন্য কোন দপ্তরে চাকুরি দেবেন বলে চার বছর আগে ওই খাজা মিয়া ১৫ লাখ টাকা নিয়েছেন। কিন্তু অদ্যাবধি আবু বক্কার ওরফে বক্কার দারোগার ছেলের চাকুরি হয়নি এবং টাকাও ফেরত পাননি।
এসব অভিযোগ সম্পর্কে মতামত জানার জন্য মো: মঈন উদ্দিন ওরফে সৈয়দ মঈন উদ্দিন ওরফে খাজা মিয়ার ব্যাবহৃত ২টি মোবাইল (১ গ্রামীন ও ১টি বাংলালিংক) নম্বরে কল দেওয়া হলে তিনি কল রিসিভ করেননি। পরে তার ওই ২টি নম্বরে ক্ষুদে বার্তা পাঠালেও তিনি সাড়া দেননি।
Leave a Reply