যশোরে চিহ্নিত সন্ত্রাসী এবং একাধিক মামলার আসামি মনিরুল ইসলাম ও রাব্বি ইসলাম শুভ ওরফে খুড়া শুভ কে মাদকসহ আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)পুলিশ । এ সময় তাদের দু’জনের কাছ থেকে তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
আটককৃত মনিরুল যশোর শহরের ষষ্ঠিতলা বুনোপাড়ার আব্দুল খালেকের ছেলে। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, বিস্ফোরক, চাঁদাবাজি ও মাদকসহ বিভিন্ন আইনে ১৬টি মামলা রয়েছে। অন্যদিকে, রাব্বি ইসলাম শুভ শহরের রেলরোড ফুড গোডাউন মোড়ের রবিউল ইসলামের ছেলে।

তার বিরুদ্ধেও ১৫টি মামলা চলমান আছে। দীর্ঘদিন ধরেই তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আটকের চেষ্টা চালাচ্ছিল। বেশ কয়েকবার অভিযান চালিয়েও তারা ব্যর্থ হন।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের চৌকসদল গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে তাদেরকে ৩ কেজি গাঁজাসহ গ্রেফতার করে। এ ব্যাপাওে ডিবি’র অফিসার ইনচার্জ মঞ্জুরুল হক ভূঞা জানান, আটককৃতদের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ রয়েছে এবং তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছিল এলাকাবাসী।

তাদের গ্রেপ্তারের জন্য ডিবির অভিযান বেশ কয়েকদিন ধরেই চলছিল। মঙ্গলবার ৫ আগষ্ট ভোরে গোপন সূত্রে জানতে পারেন তারা ফুড গোডাউন এলাকায় অবস্থান করছেন।
তার নেতৃত্বে এসআই বাবলা দাসের সমন্বয়ে একটি টিম তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এ সময় মনিরুলের কাছ থেকে দুই কেজি এবং শুভর কাছ থেকে আরও এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাদেরকে মঙ্গলবার ৫ আগষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply