আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৪ (বাঘারপাড়া-বসুন্দিয়া- অভয়নগর) আসনে হাতপাখা প্রতীক নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন পেলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক, ইসলামী আইনজীবী পরিষদের যুগ্ম মহাসচিব এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট বায়েজিদ হোসেন।
গত ২৭ জুলাই (শনিবার) ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর আলহাজ্ব মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।

তিনি বলেন, “জাতির দুর্দিনে সাহসী, সৎ, যোগ্য ও আদর্শবান নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যেই আমরা হাতপাখার প্রতীকে আলোকিত মানুষদেরকে মনোনয়ন দিচ্ছি। অ্যাডভোকেট বায়েজিদ হোসেন একজন দক্ষ আইনজীবী, সৎ ও আদর্শবান সমাজকর্মী। তার নেতৃত্বে যশোর-৪ আসনে নতুন একটি রাজনীতির ধারা সৃষ্টি হবে বলে আমরা আশাবাদী।”

মনোনয়ন ঘোষণার পর বাঘারপাড়া উপজেলায় আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। উপজেলা ইসলামী আন্দোলন, ছাত্র আন্দোলন ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অ্যাডভোকেট বায়েজিদ হোসেনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তাঁরা বলেন, “এই মনোনয়ন কেবল একজন প্রার্থীর নয়, এটি আমাদের নীতি ও আদর্শের প্রতি জনগণের আস্থা ও ভালোবাসার প্রতীক।”
শুভেচ্ছা প্রদানকালে নেতাকর্মীরা “নেতা নয়, নীতি চাই – পীর সাহেব চরমোনাই” স্লোগানে মুখর করে তোলেন সভাস্থল। বক্তারা আরও বলেন, বর্তমানে দেশে মূল্যবোধনির্ভর রাজনীতির যে সংকট চলছে, সে জায়গায় অ্যাডভোকেট বায়েজিদ হোসেনের মতো শিক্ষিত, আদর্শবান ও দক্ষ নেতৃত্ব আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হবে।

বাঘারপাড়ার কৃতিসন্তান অ্যাডভোকেট বায়েজিদ হোসেন তার প্রতিক্রিয়ায় বলেন, “আমি দল ও পীর সাহেব চরমোনাইয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই মনোনয়ন আমার জন্য শুধু সম্মান নয়, একটি দায়িত্বও বটে। আমি জনগণের পাশে থেকে দুর্নীতিমুক্ত, কল্যাণমুখী ও ন্যায়ভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠায় কাজ করে যাবো, ইনশাআল্লাহ।”
এমন একজন প্রজ্ঞাবান ও আদর্শবান নেতাকে মনোনয়ন দেওয়ায় যশোর-৪ আসনের সাধারণ জনগণ, বিশেষ করে যুব সমাজের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে।

Leave a Reply