স্বাধীনতার চেতনা ও গণতান্ত্রিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫’-এর অংশ হিসেবে চট্টগ্রামে আজ সোমবার ‘জুলাই শহিদ স্মৃতিস্তম্ভ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ এলাকায় অবস্থিত ‘জুলাই স্মৃতি উদ্যানে’ এ স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন শহিদ ফয়সাল আহমেদ শান্ত’র মাতা মোছা. কহিনুর আক্তার। জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ নূরুল্লাহ নূরী, জেলা প্রশাসক ফরিদা খানম, চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলমসহ জেলা ও বিভাগীয় পর্যায়ের বিশিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোঃ নোমান হোসেন, উপপরিচালক (উপসচিব), স্থানীয় সরকার; এ.কে.এম. গোলাম মোর্শেদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক (ভূমি অধিগ্রহণ); মোঃ কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক); সৈয়দ মাহবুবুল হক,

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট; মোঃ শরীফ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি); মোঃ সাদি উর রহিম জাদিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব); মোঃ কামরুল ইসলাম খান, নির্বাহী প্রকৌশলী, গণপূর্ত বিভাগ-১, চট্টগ্রামসহ অন্যান্য গুরুত্বপূর্ণ দপ্তরের কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।
জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, “গণতন্ত্র, মানবাধিকার এবং জাতিগত সমতার মূল ভিত্তি হিসেবে জুলাই আন্দোলনের শহিদদের স্মৃতি অম্লান রাখতেই এই স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। স্মৃতিস্তম্ভটি নান্দনিকতা ও নাগরিক সহজপ্রাপ্যতার দিক বিবেচনায় পাঁচলাইশে ‘জুলাই স্মৃতি উদ্যান’-এ নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ‘৩৬ জুলাই’ নামক ঐতিহাসিক দিনে ছাত্র-জনতার সম্মিলিত অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে বৈষম্যহীনতার সংগ্রামে এক অনন্য বিজয় অর্জিত হয়। সেই বিপ্লবের শহিদদের স্মরণে সারা দেশের ন্যায় চট্টগ্রামেও নির্মিত হচ্ছে এই স্মৃতিস্তম্ভ।






Leave a Reply