টিনের চালের পানি বাড়ির মধ্যে পড়ার প্রতিবাদ করায় এক ভাই আরেক ভাইয়ের মাথা ফাটিয়ে দেয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত ২৫ জুন রাত ১০টার দিকে যশোর সদর উপজেলার চাউলিয়া গ্রামে।
এই ঘটনায় আদালতে একটি পিটিশন দাখিল করলে পুলিশ তা গত রোববার রাতে কোতয়ালি থানায় নিয়মিত মামলা হিসাবে রেকর্ড করে।
আসামিরা হলো, ওই গ্রামের মৃত মুন্তাজ মোড়লের ছেলে নজরুল ইসলাম (৪৫) ও তার স্ত্রী জনি খাতুন (৩৫)। আর মামলাটি করেছেন নজরুলের ভাই মাসুদুর রহমানের স্ত্রী রোকেয়া খাতুন।
এজাহারে রোকেয়া উল্লেখ করেছেন, তার স্বামী মাসুদুর রহমান ও আসামি নজরুল ইসলাম দুই ভাই। নজরুল ইসলাম তার বাড়ি তৈরী করার সময় টিনের চাল বেশি করে তার বাড়ির মধ্যে দিয়ে দেয়। বৃষ্টির পানি তার বাড়ির মধ্যে পড়ে নানা অসুবিধা তৈরী করে। এই নিয়ে দ্বন্ধ তৈরী হয়।
গত ২৫ জুন রাত ১০টার দিকে তার স্বামী ভ্যান নিয়ে বাড়ির মধ্যে ঢোকে। এ সময় নজরুল ও তার স্ত্রী কথাকাটাকাটির এক পর্যায়ে তাকে লাঠি, দা, পাইপ নিয়ে আক্রমন করে। তাকে মারপিট করে। তার মাথায় লাঠি দিয়ে আঘাত করে।
এতে মাথা ফেটে রক্তাক্ত জখম হয়। এ সময় তিনি ঠেকাতে গেলে তাকেও মারপিটে জখম করে। তার স্বামীর পকেটে থাকা হার্ডওয়ারের দোকানের মালামাল কেনার জন্য রাখা ৩০ হাজার টাকা কেড়ে নেয়। সে সময় তারা চিৎকার দিলে আশেপাশের লোকজন এগিয়ে আসলে আসামিদ্বয় চলে যায়।
পরে মাসুদুর রহমানকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় তিনি আদালতে পিটিশন দাখিল করলে আদালতের নির্দেশে থানা পুলিশ তা নিয়মিত মামলা হিসাবে রেকর্ড করে।

Leave a Reply