যশোরে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৫ আগস্ট দেশের অস্থির পরিস্থিতির সুযোগ নিয়ে প্রাক্তন শ্বশুরবাড়িতে হামলা ও লুটপাট চালানোর অভিযোগে জামাইসহ তিনজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ। তালাকপ্রাপ্ত স্ত্রীর ওপর ক্ষোভ থেকে পূর্বপরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে বলে চার্জশিটে উল্লেখ করা হয়েছে।
তদন্ত শেষে মামলার চার্জশিট দাখিল করেন যশোর কোতোয়ালি থানার এসআই মোফাজ্জেল হোসেন। অভিযুক্তরা হলেন, শহরের লোন অফিসপাড়ার জিয়াউর রহমান জিকো ওরফে সাপিন জিকো ওরফে প্রিন্স জিকো, তার বাবা মতিয়ার রহমান কুরবান এবং একই এলাকার কামরান হাসানের ছেলে লাবিব ওরফে আয়ুব হোসেন।
পুলিশ সূত্র ও মামলার তথ্য অনুযায়ী,জিকোর সঙ্গে ২০১৫ সালের ২৪ আগস্ট বকচর মসজিদপাড়ার মৃত মতিয়ার রহমানের মেয়ে ফাতেমাতুজ জোহরার বিয়ে হয়। তাদের সংসারে একটি কন্যাসন্তান জন্ম নেয়। তবে দাম্পত্য কলহের কারণে ২০২৪ সালের ৪ এপ্রিল জিকো ফাতেমাকে তালাক দেন। এরপর থেকেই ফাতেমা মেয়েকে নিয়ে বাবার বাড়িতে বসবাস শুরু করেন।
তালাকের পর থেকেই ফাতেমার ওপর ক্ষোভ পুষে রেখেছিলেন জিকো। সেই ক্ষোভ থেকেই ২০২৪ সালের ৫ আগস্ট দুপুরে ও পরের দিন বিকেলে এবং রাতে তৃতীয় দফায় ফাতেমার বাড়িতে চাইনিজ কুড়াল, চাকু, লাঠিসোটা নিয়ে হামলা চালানো হয় । এ ঘটনায় ১৪ আগস্ট ওই তিনজনসহ অজ্ঞাত আরও ৭/৮ জনকে আসামি করে মামলা করেন ফাতেমা।
মামলায় উল্লেখ করা হয় আলমারিতে রাখা ১২ লাখ ২২ হাজার টাকার সোনার গহনা, নগদ ৬ লাখ টাকা ও একটি এলজি ব্র্যান্ডের এসি লুট করে নিয়ে যায়। এ ঘটনায় তাদের সাড়ে ১৯ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। পরে প্রতিবেশীরা ছুটে এলে আসামিরা খুন-জখমের হুমকি দিয়ে পালিয়ে যায় । পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে। পালিয়ে যায় জিকো।

মামলার তদন্তে উঠে আসে, বিবাহ বিচ্ছেদের পর ফাতেমা ও তার পরিবারের ক্ষতি করতে বিভিন্ন ধরনের পরিকল্পনা শুরু করেন জিকো। সেই ক্ষোভ থেকেই ২০২৪ সালের ৫ আগস্ট দেশে সরকার পরিবর্তনের পর সৃষ্ট উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির সুযোগে ফাতেমার বাড়িতে হামলা চালানো হয়। ৫ আগস্ট দুপুর সাড়ে ৩টায় আসামিরা বকচরে ফাতেমার বাড়িতে প্রথমে চড়াও হয়।
তখন ফাতেমার খালা বাধা দিতে গেলে তাকে বেধড়ক মারধর করে আহত করা হয়। আশপাশের লোকজন ছুটে আসলে তারা সটকে পরেন। ৬ আগস্ট বিকাল ৪টায় আবারও আসামিরা বাড়ির সামনে এসে ইটপাটকেল নিক্ষেপ করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে হুমকি দিয়ে চলে যায়। একই দিন রাত সাড়ে ১১টায় আসামিরা ঘরের দরজা ভেঙে ঢুকে পড়ে। এরপর ভেতরে থাকা আসবাবপত্র ভাঙচুর করে ।
এসময় ফাতেমা, তার মেয়ে জান্নাতুল ফেরদৌস, তার নিকট আত্বীয় রাবেয়া বসরী, মনিরা বেগম, আবু হুরাইয়া, মাহমুদা খাতুন, লামিয়া ও শিউলীকে মারধর করে জখম করা হয়। এছাড়া তদন্তে আরও উঠে আসে আসামিরা ফাতেমাদের ঘরের আলমারিতে থাকা সোনার গহনা,
নগদ টাকা ও একটি এলজি এসি চুরি করে নিযে যায়। এসময় আশপাশের লোকজন ছুটে আসলে আসামিরা খুন জখমের হুমকি দিয়ে পালিয়ে যায়। চার্জশিটে বলা হয়েছে, জিকো ও তার বাবার বিরুদ্ধে থানায় একাধিক মামলাও রয়েছে। তারা এই মামলায় জামিনে রয়েছেন।

Leave a Reply