যশোরের মনিরামপুর উপজেলার ডুমুরখালী গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে আপন ছোট ভাইয়ের হামলায় এক দম্পতি গুরুতর আহত হয়েছেন। শনিবার (১২ জুলাই) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—আব্দুল মান্নান (৫৭) ও তার স্ত্রী ফুলি খাতুন (৪৫)। স্থানীয়রা তাদের আশঙ্কাজনক অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে আব্দুল মান্নান পুরুষ সার্জারি ওয়ার্ডে এবং ফুলি মহিলা সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন।
দু’জনের অবস্থাই সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় বা খুলনায় রেফার করার প্রস্তুতি চলছে বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল আব্দুল মান্নান ও তার ছোট ভাই আব্দুল হান্নানের (৪৫) মধ্যে।
শনিবার দুপুরে আব্দুল হান্নান ও তার ছেলে রহমতুল্লাহ (১৮) পূর্বপরিকল্পিতভাবে দা ও চাইনিজ কুড়াল দিয়ে ঘরে ঢুকে মান্নান দম্পতির ওপর হামলা চালায়।
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এ ঘটনায় এখনো পর্যন্ত কেউ আটক হয়নি।

Leave a Reply