যশোর সদরের গাজীরঘাট,পালবাড়ী এলাকা থেকে নাবালিকা এক ছাত্রীকে অপহরণের মামলায় প্রধান অভিযুক্ত মোঃ তানভীর ইসলাম বিপনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ জুলাই) দিবাগত রাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
কোতোয়ালী মডেল থানারএসআই অনুপ কুমার মন্ডল বলেন, সানজিদা খাতুন (১৭) নামের কিশোরী নতুন খয়েরতলা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। মায়ের অসুস্থতার কারণে তার পড়াশোনায় সাময়িক বিরতি পড়ে। এই সুযোগে আসামি তানভীর ইসলাম তাকে স্কুলে যাওয়া-আসার পথে উত্যক্ত করত এবং প্রেমের প্রলোভনসহ বিভিন্ন ধরনের ভয়ভীতির মাধ্যমে তাকে ফুসলানোর চেষ্টা চালায়।
বিষয়টি জানার পর মেয়েটির পরিবার অভিযুক্তকে সরাসরি নিষেধ করলেও সে তাতে কর্ণপাত না করে উল্টো হুমকি দেয়। এরপর গত ২৮ জুন বিকেল সাড়ে ৫টার দিকে নিজ বাড়ির সামনে রাস্তায় অবস্থানকালে তানভীর ও তার সহযোগীরা মেয়েটিকে মুখ চেপে ধরে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়।
পরবর্তীতে মেয়েটির পরিবার অভিযুক্তের বাড়িতে গিয়ে তাকে না পেয়ে তার পিতা মোঃ শরীফ ও মাতা রেমি আক্তারের কাছে কিশোরীকে ফিরিয়ে দেওয়ার আবেদন জানায়। প্রথমে তারা মেয়েকে ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিলেও পরে অস্বীকৃতি জানায় এবং পরিবারটিকে প্রাণনাশের হুমকিও দেয়।
ঘটনার পর কিশোরীর মা কেয়া বেগম বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭/৩০ ধারায় কোতয়ালী থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তভার পাওয়ার পর এসআই অনুপ কুমার মন্ডল বৃহস্পতিবার রাতেই অভিযানে গিয়ে আসামিকে গ্রেফতার করেন। জিজ্ঞাসাবাদে সে ঘটনার সঙ্গে জড়িত থাকার প্রাথমিক স্বীকারোক্তি দিয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

Leave a Reply