যশোরের ঝিকরগাছায় দুর্বৃত্তের নিক্ষিপ্ত দাহ্য পদার্থে একই পরিবারের শিশু ও নারীসহ তিনজন আহত হয়েছে।তারা বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
বৃহস্পতিবার (৩ জুলাই) রাতে যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী গ্রামে এই ঘটনা ঘটে।আহতরা হচ্ছেন গদখালীর জামাত আলীর স্ত্রী রাহেলা খাতুন (৪৮), মেয়ে রিপা খাতুন (২৬) ও ছেলে ইয়ানূর (৮)।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (৩ জুলাই) রাত সোয়া ৮টার দিকে জসিম (৩৫) নামে এক যুবক জামাত আলীর ঘরের জানালা দিয়ে এক ধরনের ক্যামিকেল নিক্ষেপ করেন।
জসিম পাশের গ্রাম মঠবাড়ি এলাকার ফজলুর রহমানের বাড়ির কাজের লোক । তিনি জামাতের মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছেন। কিন্তু রিপা তার প্রস্তাব প্রত্যাখ্যান করায় এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছেন বলে জানা গেছে। এতে তারা তিনজন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার জোবায়ের হোসেন জানিয়েছেন, রোগীর অবস্থা দেখে এটি অ্যাসিড মনে হচ্ছে না। কোনও ক্যামিকেল যা দাহ্য, তেমন মনে হচ্ছে। তারা আশঙ্কামুক্ত।
এ ব্যাপারে যশোরের ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জের সাথে মুঠো ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

Leave a Reply