শহীদদের স্মরণে ‘জুলাই বিপ্লব’ উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), যশোর জেলা। ১ জুলাই (সোমবার) শহরের চারজন শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও তাঁদের কবর জিয়ারতের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়।
দিনভর কর্মসূচির মধ্যে ছিল শহীদদের স্মরণে বৃক্ষরোপণ, বাদ আসর দোয়া মাহফিল এবং সন্ধ্যায় যশোরের ভৈরব চত্বরে “জুলাইয়ের স্মৃতি: সংগ্রাম ও আত্মত্যাগ” শীর্ষক ভিডিও প্রদর্শনী।
এনসিপির যশোর জেলার সংগঠক মোঃ নুরুজ্জামান জানান, “দুই হাজার বৃক্ষরোপণের পরিকল্পনা, গ্রাফিতি ও দোয়া মাহফিলের মতো কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এসব কার্যক্রম বাস্তবায়নে নেতৃত্ব দিচ্ছেন দক্ষিণাঞ্চলের সম্মানিত সংগঠক জনাব সাকিব শাহরিয়ার।”
কেন্দ্রীয় সংগঠক সাকিব শাহরিয়ার বলেন, “আমাদের অন্তরে জাগ্রত জুলাইকে মানুষের কাছে পৌঁছে দিতে চাই। বিপ্লবের যে ছাইচাপা আগুন আমাদের অন্তরে জ্বলছে, তা যশোরের বিপ্লবী মানুষের হৃদয়ে দাবানলে রূপ নেবে ইনশাআল্লাহ।”
দলের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়, মাসব্যাপী এসব কর্মসূচিতে জনসাধারণের ব্যাপক অংশগ্রহণ থাকবে। নতুন প্রজন্মের সামনে আত্মত্যাগ ও আদর্শিক ইতিহাস তুলে ধরাই এই আয়োজনের মূল উদ্দেশ্য বলে জানানো হয়।
এদিকে গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে যশোরের ভৈরব চত্বরে বিক্ষোভ সমাবেশ করেছে দলটি।
রোববার (৫ মে) অনুষ্ঠিত ওই সমাবেশে বক্তারা হামলাকে ‘পরিকল্পিত হত্যাচেষ্টা’ উল্লেখ করে বলেন, “জুলাই বিপ্লবের পর থেকেই আমাদের নেতাদের ওপর ধারাবাহিকভাবে হামলা চালানো হচ্ছে।”
জেলার প্রধান সংগঠক মোঃ নুরুজ্জামান বলেন, “এই হামলা শুধু একজন নেতার ওপর নয়, আমাদের রাজনীতি ও আদর্শের ওপর আঘাত। হাসনাত আব্দুল্লাহ একজন ব্যক্তি নন, তিনি একটি আদর্শের নাম।”
বক্তারা অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান এবং জুলাই বিপ্লবের ঘোষণাপত্র বাস্তবায়নের দাবিতে অন্তর্বর্তী সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। অন্যথায়, দেশের রাজপথে আবারও নতুন বিপ্লবের সূচনার হুঁশিয়ারি দেন তারা।
বক্তব্য দেন এনসিপি নেতৃবৃন্দ মাসুম বিল্লাহ, শুয়াইব হোসাইন ও ছাত্র সংগঠক আকাশ হোসেন। সঞ্চালনায় ছিলেন সজিবুর রহমান।

Leave a Reply