যশোরের সদরের কামালপুর এলাকায় অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজা ও একটি মোবাইল ফোনসহ আব্দুর রহিম (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৯ জুন) সন্ধ্যায় সদরের একটি বিশেষ বাহিনীর এলাকার পাশ থেকে যৌথ আভিযানিক দলের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, এসআই (নিঃ) মো. আলমগীর হোসেনের নেতৃত্বে মোবাইল ডিউটির সময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কামালপুর শাহপাড়া এলাকার আব্দুর রহিম তার নিজ বাড়িতে গাঁজা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন। এরপর পুলিশের সঙ্গে সেনাবাহিনীর একটি আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছে তাকে হাতেনাতে আটক করে।

গ্রেপ্তারের পর আব্দুর রহিমের আধাপাকা বাড়ির দক্ষিণ পাশের একটি কক্ষ থেকে টর্চলাইটের আলোয় খাটের নিচে তল্লাশি চালিয়ে দুটি পলিথিনে রাখা ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এর মধ্যে একটি লাল পলিথিনে ২০০ গ্রাম (মূল্য ৮ হাজার টাকা) এবং একটি নীল পলিথিনে ৩০০ গ্রাম (মূল্য ১২ হাজার টাকা) গাঁজা পাওয়া যায়। এ ছাড়া তার হেফাজত থেকে একটি আকাশি রঙের বাটন মোবাইল সেটও জব্দ করা হয়।
আটকের সময় ধৃত আসামি পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে সামান্য আহত হন। পরে তাকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে গাঁজা ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে।

Leave a Reply