দেশে মৎস্যজাত ‘রেডি টু ইট’ পণ্যের বাজার ক্রমেই সম্প্রসারিত হচ্ছে। বিশেষ করে ফাস্টফুডের স্বাস্থ্যকর বিকল্প হিসেবে মাছ দিয়ে তৈরি ফিশ বল, কাটলেট, রোল, সিঙ্গারা, পাকোড়া, বারবিকিউ, সামুচা, মম, ডোনাটসহ নানা ধরনের পণ্যের চাহিদা বাড়ছে হোটেল, রেস্তোরাঁ ও কফিশপে।
উদ্যোক্তারা এসব পণ্য তৈরি ও বাজারজাত করে লাভবান হচ্ছেন। নতুন উদ্যোক্তা গড়তে ছয়টি বেসরকারি উন্নয়ন সংস্থা কাজ করছে প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা নিয়ে।
বাংলাদেশ পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহায়তায় শরিয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটি (এসডিএস) বাস্তবায়িত ‘মাইক্রোইন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন’ প্রকল্পের আওতায় যশোরে দুইদিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
শনিবার রুরাল রিকন্সট্রাকশন ফাউন্ডেশন (আরআরএফ) প্রধান কার্যালয়ে কর্মশালাটি সম্পন্ন হয়। ‘নিরাপদ মৎস্য ও মৎস্যপণ্য উৎপাদন ও বাজারজাতকরণ’ উপ-প্রকল্পের আওতায় ছয়টি সহযোগী সংস্থার ২০ জন উদ্যোক্তা এতে অংশ নেন।
প্রশিক্ষণে অংশ নিয়ে যশোরের মণিরামপুর উপজেলার পাড়িয়ালী ভানুর মোড়ের প্লাবনী ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টের স্বত্বাধিকারী প্লাবনী বকশি বলেন, “আমি কফির পাশাপাশি মাছের তিনটি আইটেম বিক্রি করতাম। প্রশিক্ষণে আরও ছয়টি নতুন আইটেম তৈরির কৌশল শিখেছি। এতে আয় বাড়ানোর সুযোগ তৈরি হয়েছে।”
আরেক প্রশিক্ষণার্থী, কেশবপুর উপজেলার পাচারই গ্রামের মিতা চক্রবর্তী জানান, “আমার কফি হাউজে এখন মাছের তৈরি নতুন নতুন খাবার যুক্ত করবো। এতে বিক্রি যেমন বাড়বে, তেমনি ক্রেতারাও স্বাস্থ্যকর খাবার পাবে।”
আরআরএফ-এর সিনিয়র সহকারী পরিচালক কৃষিবিদ ড. অসিত বরণ মণ্ডল বলেন,এই প্রকল্পের মূল লক্ষ্য নিরাপদ মাছ ব্যবহার করে উদ্যোক্তাদের মাধ্যমে ভোক্তাদের কাছে নতুন ভ্যালু অ্যাডেড খাদ্যপণ্য পৌঁছে দেওয়া। এতে যেমন উদ্যোক্তারা লাভবান হবেন, তেমনি ক্রেতারাও নিরাপদ প্রোটিন পেতে পারবেন।”

Leave a Reply