যশোরের চিহ্নিত সন্ত্রাসী দেলোয়ার হোসেন দেলুকে (দেলু) খোলাডাঙ্গা তিনরাস্তার মোড় এলাকা থেকে মঙ্গলবার রাতে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। তার বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক আইনে মোট ৮টি মামলা রয়েছে।
বুধবার তাকে আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কোতোয়ালি থানার এসআই দেবাশীষ হালদার জানান, দেলু বিস্ফোরক দ্রব্য ব্যবহারসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। গত ১৯ মে শহরের শংকরপুরে বিস্ফোরণে আহত শিশু খাদিজা মারা যাওয়ার ঘটনায় দায়েরকৃত মামলায় দেলুর সংশ্লিষ্টতা পাওয়া গেছে।
তদন্তে উঠে এসেছে, দেলু ওই এলাকায় নিয়মিত যাতায়াত করতেন এবং বোমা রাখার সঙ্গে তার সম্পৃক্ততা রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, দেলু আগে আওয়ামী লীগ ঘনিষ্ঠ ছিল এবং ক্ষমতার অপব্যবহার করে নানা সুবিধা নিয়েছে। সরকার পরিবর্তনের পর তিনি বিএনপি নেতার পরিচয় দিয়ে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছেন, যা নিয়ে বিএনপির নেতাদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

Leave a Reply