যশোরের ঘোপ ধানপট্টি বউ বাজারে বাড়তি খাজনা আদায়ের অভিযোগের প্রেক্ষিতে সোমবার পৌরসভার প্রতিনিধি দল সরেজমিন পরিদর্শন করে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধান করেন। এরপর বাজার স্বাভাবিকভাবে খুলে যায়।
ব্যবসায়ীরা ইজারাদারের বিরুদ্ধে দ্বিগুণ হারে খাজনা আদায় ও অসৌজন্যমূলক আচরণের অভিযোগ তুললেও পৌর কর্মকর্তারা তদন্তে এর সত্যতা পাননি। বরং জানা গেছে, ইজারা না পাওয়া একটি পক্ষ উদ্দেশ্যমূলকভাবে বিভ্রান্তি ছড়িয়েছে।
পৌর প্রশাসনিক কর্মকর্তা উত্তম কুমার কুন্ডু জানান, ইজারাদার আবু হাসান বিগত দুই মাস ধরে কম হারে খাজনা নিচ্ছিলেন, পরে পৌর নির্ধারিত হারে নিতে গেলে অসন্তোষ দেখা দেয়।
প্রকৌশলী কামাল আহম্মেদ জানান, বাজার মেপে নির্ধারিত হারে খাজনা আদায় নিশ্চিত করা হয়েছে এবং কোনো অতিরিক্ত আদায়ের প্রমাণ মেলেনি।
প্রসঙ্গত, রবিবার যুবদল নেতা মোর্শেদ আলী ও হেলাল আহম্মেদ সাগরের নেতৃত্বে ব্যবসায়ীরা পৌরসভা ঘেরাও করেন এবং পরে নতুন কমিটি গঠন করা হয়। স্থানীয়দের দাবি, এ কমিটি গঠনসহ নানা উদ্দেশ্যেই বাজারে জটিলতা তৈরি করা হয়েছিল।

Leave a Reply