যশোর সদর উপজেলার রামনগর পুকুরকুল গ্রামের মাদক ব্যবসা করতে নিষেধ করায় আজিজুল ইসলাম (৩৬) নামে এক যুবককে মারপিটে জখমের অভিযোগে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। আজিজুলের পিতা শফিয়ার রহমান ছয়জনের নাম উল্লেখ করে মামলাটি করেন।
আসামিরা হলেন একই এলাকার জাফর ও তার স্ত্রী বিথী বেগম, ওহিদুলের স্ত্রী তানিয়া, মুড়লী খাঁ পাড়ার মোহাম্মদের দুই ছেলে শরীফ ও তারেক এবং জুল্লার ড্রাইভারের ছেলে মুসা।
এজাহারে উল্লেখ করা হয়েছে, আসামি জাফর মাদক ব্যবসায়ী। তাকে মাদকদ্রব্য বিক্রি করতে নিষেধ করেন আজিজুল। সে কারণে তার ওপর ক্ষিপ্ত হয়। তাকে ক্ষতির ষড়যন্ত্র করতে থাকে।
গত ২ জুন দুপুরে আজিজুল মসজিদ থেকে জোহরের নামাজ আদায় করে বাড়ি ফিরছিলেন। বাড়ির সামনে পৌঁছালে আসামিরা তাকে লোহার রড, বাঁশের লাঠি, ধারাল অস্ত্র দিয়ে মারপিট করে।
সে সময় আশপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা চলে যান। পরে আজিজুলকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

Leave a Reply