যশোর সদর উপজেলার বড় গোপালপুর গ্রামে যৌতুকের দাবিতে নির্যাতনের শিকার হয়ে আত্মহত্যা করেছেন সুমাইয়া আক্তার সুমনা(২০)।তিনি চাঁনপাড়া গ্রামের মেজবার আলীর মেয়ে ও হৃদয় হাসানের স্ত্রী।
নিহতের ভাই মো. সুমন হোসেন কোতোয়ালী থানায় দায়ের করা অভিযোগে জানান, বিয়ের পর থেকেই হৃদয় ও তার পরিবারের সদস্যরা সুমনার ওপর যৌতুকের জন্য চাপ ও নির্যাতন চালিয়ে আসছিলেন। বিভিন্ন সময় অর্থ, স্বর্ণালংকার ও আসবাবপত্র দাবি করা হয়। কিছু দাবি পূরণ করা হলেও নির্যাতন থামেনি।
সর্বশেষ ২৯ মে সুমনাকে বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। পরদিন বিকেলে তিনি ফোনে জানিয়ে দেন, তাকে আবারও মারধর করা হচ্ছে। এরপর তার ফোন বন্ধ পাওয়া যায়। সন্ধ্যায় জানানো হয়, তিনি আত্মহত্যা করেছেন। পরিবারের সদস্যরা যশোর সদর হাসপাতালে গিয়ে মরদেহ শনাক্ত করেন।
এ ঘটনায় সুমনার স্বামী হৃদয় হাসানসহ তার পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা হয়েছে। কোতোয়ালী থানার ওসি জানান, অভিযোগ গ্রহণ করা হয়েছে, তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply