শনিবার যশোর জেলা পরিষদ মিলনায়তনে (বিডি হল) জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষক সমিতি, যশোর জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হলো খুলনা বিভাগীয় শিক্ষক সমাবেশ। এতে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও খুলনা বিভাগীয় আহ্বায়ক মোঃ নজরুল ইসলাম।
সমাবেশে বক্তারা ২০২০ সালের ১২ ডিসেম্বর অর্থ মন্ত্রণালয় প্রদত্ত টাইম স্কেল সংক্রান্ত ‘অবৈধ চিঠি’ প্রত্যাহারের জোর দাবি জানান। তাঁরা বলেন, জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পূর্ববর্তী সরকারের আমলাতান্ত্রিক জটিলতায় টাইম স্কেলসহ তিন দফা ন্যায্য দাবির বাস্তবায়ন দীর্ঘদিন ধরে অবহেলিত।
তিন দফা দাবির মধ্যে রয়েছে, টাইম স্কেল বাতিল সংক্রান্ত চিঠি প্রত্যাহার, ৫০ শতাংশ কার্যকর চাকরির ভিত্তিতে জ্যেষ্ঠতা প্রদান,ও বাদ পড়া প্রধান শিক্ষকদের গেজেট প্রকাশ।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব আমিনুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মমিনুল ইসলাম, মোঃ হারুন অর রশিদ, আজমল হোসেন, আশরাফ আলী ও হামিদুল ইসলামসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। খুলনা বিভাগের বিভিন্ন জেলা থেকে শিক্ষক প্রতিনিধিরাও সমাবেশে যোগ দেন।
বক্তারা জানান, ২০১৩ সালে জাতীয়করণের পর সরকার টাইম স্কেলসহ আর্থিক সুবিধা প্রদানে নির্দেশনা দিলেও, হঠাৎ করে ২০২০ সালের একটি আদেশে তা বেআইনি ঘোষণা করে ফেরত নেওয়ার নির্দেশ দেওয়া হয়। ফলে অবসরে যাওয়া শিক্ষকরা পূর্ণ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন, কেউ কেউ অর্থাভাবে মৃত্যুবরণও করেছেন।
তাঁরা জানান, এই অবিচারের বিরুদ্ধে ইতোমধ্যে ঢাকায় সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। দাবি মানা না হলে আগামী ২২ জুন ঢাকার শহিদ মিনারে মহাসমাবেশ করে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। নেতৃবৃন্দ ঘোষণা দেন“দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ঢাকায় থেকে যাবো।”

Leave a Reply