যশোর শহরের মনিহার ফলপট্টি এলাকায় পালিত ছেলে শেখ শামস বিনের হাতে সুলতানা খালেদা সিদ্দিকা রুমি হত্যার ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে।
নিহতের ভাইপো জুবায়ের তানভীর সিদ্দিকী জয় মামলাটি দায়ের করেন। রোববার আদালতে হাজির করে শামসের জবানবন্দি গ্রহণ করা হয়, যেখানে সে হত্যার বিষয়টি স্বীকার করে। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
শামস জবানবন্দিতে জানান,দোকানদারদের সঙ্গে বিরোধ নিয়ে খালেদার সঙ্গে ঝগড়া হয়।

একপর্যায়ে খালেদা তাকে বাশ দিয়ে মারতে গেলে শামস উল্টো তাকে মারধর করেন। পরে বাইরে গিয়ে সিগারেট খেয়ে ফিরে এসে ঘুমিয়ে পড়েন।
সকালে ঘুম থেকে উঠে খালেদার নিথর দেহ দেখতে পান।মামলায় উল্লেখ করা হয় তিন মাস বয়সে খালেদা ও তার স্বামী শেখ শাহজাহান শামসকে দত্তক নেন। ফুপার মৃত্যুর পর খালেদার সঙ্গে থাকতেন শামস।
নবম শ্রেণি পর্যন্ত পড়ে মাদকাসক্ত হয়ে পড়েন এবং প্রায়ই খালেদাকে মারধর করতেন। টাকার জন্য খালেদাকে নির্যাতনের একপর্যায়ে ২৪ মে রাতে তাকে হত্যা করেন বলে মামলায় অভিযোগ করা হয়।
কোতোয়ালি থানার ওসি জানান, শামস আদালতে হত্যার দায় স্বীকার করেছেন এবং ঘটনার পেছনে অন্য কোনো কারণ আছে কিনা তাও তদন্ত করা হচ্ছে।

Leave a Reply