নকল নবিসদের চাকরি রাজস্ব খাতে অন্তর্ভুক্তসহ বিভিন্ন দাবিতে যশোর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ এক্সট্রা মোহরার অ্যাসোসিয়েশন ও বৈষম্য বিরোধী নকল নবীশ দাবি আদায় পরিষদ।
দাবিগুলোর মধ্যে রয়েছে—
নিবন্ধন অধিদপ্তরের খসড়া বিধিমালায় নকল নবিসদের কর্মচারী হিসেবে অন্তর্ভুক্তি, স্থায়ী মোহরারসহ অন্যান্য পদে জ্যেষ্ঠতার ভিত্তিতে পদায়ন এবং সাবেক আইনমন্ত্রীর সময়ে অবৈধভাবে নিয়োগ পাওয়া ব্যক্তিদের চাকরি বাতিল।

নেতারা বলেন, দেশের ৫১৬টি সাব-রেজিস্ট্রি অফিসে প্রায় ১৬ হাজার নকল নবিস দলিল লিপিবদ্ধকরণ ও নকল সরবরাহের মাধ্যমে রাজস্ব আদায়ে কাজ করলেও তারা স্থায়ী নন। সরকারি সুযোগ-সুবিধা থেকে তারা বঞ্চিত এবং মাত্র ২৪ টাকা মঞ্জুরিতে কাজ করেন, যেখানে সরকার প্রতি পৃষ্ঠায় ৪০ টাকা রাজস্ব নেয়।
তারা আরও বলেন, ১৯৮২ সাল থেকে চাকরি জাতীয়করণের দাবি জানিয়ে আসলেও এখনো তা বাস্তবায়ন হয়নি। অবিলম্বে তাদের চাকরি স্থায়ী করার আহ্বান জানান নেতারা।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন জেলা সভাপতি মো. আলী আকবর, সাধারণ সম্পাদক খাজা ফজিলাই উজ্জ্বল, শিমুল আক্তার, সাইফুল ইসলাম, নূরন্নবী, মরিয়ম খাতুন, শামীমা আক্তার সীমি প্রমুখ।

Leave a Reply