বাংলাদেশের বেনাপোল সীমান্তের বিপরীতে ভারতের পেট্রাপোল সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর মধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় ভারতের পেট্রাপোল ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) এর সম্মেলন কক্ষে এই সভা শুরু হয় এবং দুপুরের পর তা শেষ হয়।
সভায় বিজিবির খুলনা সেক্টর কমান্ডার কর্নেল মো. মেহেদী হাসান চৌধুরীর নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধি দল অংশগ্রহণ করে। প্রতিনিধি দলে খুলনা সেক্টরের অধীনস্থ যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক, বিভিন্ন স্টাফ অফিসার ও অন্যান্য বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।
অপরদিকে, বিএসএফের কলকাতা সেক্টর কমান্ডার ডিআইজি তারনি কুমারের নেতৃত্বে সমান সংখ্যক সদস্য নিয়ে বিএসএফের প্রতিনিধি দল অংশ নেয়।
বিজিবির খুলনা সেক্টর সদর দপ্তরের অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর মো. খসরু রায়হান এক প্রেস নোটে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, সভায় ভারত-বাংলাদেশ সীমান্ত সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় ও দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।
সভার আগে বিএসএফ কর্মকর্তারা বিজিবি প্রতিনিধিদলকে ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনার প্রদান করেন।

Leave a Reply