কেশবপুরে কায়পুত্র সম্প্রদায়ের পুরুষেরা মিথ্যা অভিযোগের মামলায় ঘরছাড়া হয়ে মানবেতর জীবনযাপন করছেন বলে অভিযোগ উঠেছে। ৮মে সন্ধ্যায় কেশবপুর প্রেসক্লাব মিলনায়তনে পৌরসভার আলতাপোল এলাকার কায়পুত্র সম্প্রদায়ের নারী নিসফলা মন্ডল সংবাদ সম্মেলন করে ওই অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে গৃহবধূ নিসফলা মন্ডল বলেন, তাদের এলাকার ভাংড়ি ব্যবসায়ী মোমরেজ নামে এক ব্যক্তি কায়পুত্র সম্প্রদায়ের নিখিল মন্ডল, অরুপ মন্ডল, বিশ্বজিৎ মন্ডল, দীপংকর মন্ডল এবং সম্রাট মন্ডলের নামে আদালতে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছেন।
মামলা দেওয়ার পরে তাদের পুরুষেরা ভয়ে বাড়িতে থাকতে পারছেন না। নারীরা আতঙ্কে দিন কাটাচ্ছেন। ভাংড়ি ব্যবসায়ীকে এলাকার একটি মহল ইন্দন দিয়ে এ কাজটি করিয়েছেন বলে তিনি জানান।
সংবাদ সম্মেলনের মাধ্যমে ভুক্তভোগী নারীরা এই মিথ্যা মামলা তদন্ত সাপেক্ষে প্রত্যাহার করাসহ তারা যাতে পরিবার নিয়ে ভিটেমাটিতে থাকতে পারে তার ব্যবস্থা করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। সংবাদ সম্মেলনকালে কায়পুত্র সম্প্রদায়ের নারীদের সঙ্গে দলিত সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply