স্থানীয় ঔষধ ব্যবসায়ীদের ক্ষোভ ও আতঙ্ক যশোর জেলা শাখার বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি এর বিরুদ্ধে স্লিপ ছাড়া মাসিক অর্থ আদায়সহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, সমিতির ব্যানারে প্রতি মাসে ঔষধের দোকানপ্রতি ১৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে, অথচ এর কোনো সঠিক হিসাব নেই এবং অর্থ প্রদানের কোনো রসিদ (স্লিপ) দেওয়া হচ্ছে না।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, যশোর সদরসহ বিভিন্ন উপজেলায় তিনজন কথিত পরিদর্শক সিরাজুল ইসলাম, বাইজিদ মাহমুদ ও মো. হাফিজুর রহমান সমিতির কর্মচারী পরিচয়ে এসব অর্থ সংগ্রহ করছেন। তারা প্রতিটি দোকান থেকে মাসিক চাঁদা আদায় করলেও কোনো কাগজপত্র বা অফিসিয়াল স্লিপ না দিয়ে নিজেরা তৈরি খাতায় স্বাক্ষর নিচ্ছেন। এতে করে ব্যবসায়ীরা হয়রানির শিকার হচ্ছেন।
২৫০ শয্যা বিশিষ্ট যশোর জেনারেল হাসপাতাল সংলগ্ন অনেক ঔষধ বিক্রেতা ইতোমধ্যে এই অর্থ প্রদান বন্ধ করে দিয়েছেন এবং পরিষ্কারভাবে জানিয়েছেন, স্লিপ ছাড়া তারা কোনো টাকা দিবেন না।
এছাড়াও, সমিতির বর্তমান কার্যকরী কমিটি নিয়েও রয়েছে জটিলতা। অভিযোগ রয়েছে, সভাপতি এ.এম. জামাল উদ্দিন বিলুর নেতৃত্বে গঠিত ‘পকেট কমিটি’র মেয়াদ ২৬ এপ্রিল শেষ হলেও এখনও তারা দায়িত্ব পালন করে যাচ্ছেন নতুন কোনো নির্বাচন ছাড়াই। এতে অনেক ব্যবসায়ী বিভ্রান্ত ও উদ্বিগ্ন।
তবে, সমিতির কেন্দ্রীয় কমিটির অনুমোদন সংক্রান্ত একটি স্মারকে বলা হয়েছে, গত ২০২৩ সালের ৮ সেপ্টেম্বর যশোর জেলা শাখা থেকে একটি আবেদন পেশ করার প্রেক্ষিতে কেন্দ্রীয় পরিচালনা পরিষদের ১৯ অক্টোবরের সভায় সর্বসম্মত সিদ্ধান্তে নতুন একটি ১৭ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতি হিসেবে পুনরায় এ.এম. জামাল উদ্দিন বিলুর নাম আসে।
তবে, এ কমিটি নিয়েও প্রশ্ন রয়েছে। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, ২০১৮ সালে সর্বশেষ একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এর পর থেকে আর কোনো নির্বাচন ছাড়াই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে, যা নিয়মবহির্ভূত ও অগণতান্ত্রিক।
সাধারণ ঔষধ ব্যবসায়ীরা বলছেন, এমআরপি বাস্তবায়নের অজুহাতে বর্তমান সভাপতি যে কঠোর নীতি বাস্তবায়নের চেষ্টা করছেন, তা বাস্তবতাবিরোধী। তারা অবিলম্বে এই চাঁদাবাজি, অগণতান্ত্রিক কমিটি এবং হয়রানিমূলক কার্যক্রম বন্ধের দাবি জানিয়েছেন।

Leave a Reply