যশোরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে দুই নারী মাদক ব্যবসায়ীকে গাঁজা ও নগদ অর্থসহ আটক করা হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৫টা থেকে রাত ১০টা ৪০ মিনিট পর্যন্ত সদর উপজেলার চাউলিয়া ও রামনগর এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানে আটককৃতরা হলেন সদর উপজেলার চাউলিয়ার সাইদুলের স্ত্রী ছালমা বেগম (৪০) এবং রামনগর গ্রামের জাবেদের স্ত্রী ফাতেমা (৩৬)। অভিযানে ছালমা বেগমের কাছ থেকে ২ কেজি ১৫০ গ্রাম গাঁজা, একটি গাঁজা মাপার মেশিন এবং নগদ ৫ হাজার টাকা উদ্ধার করা হয়। অন্যদিকে ফাতেমার কাছ থেকে ১৩০ গ্রাম গাঁজা এবং ৫৯ হাজার ৮০০ টাকা জব্দ করা হয়।
এ সময় মাদক ক্রয় করতে আসা আরও দুইজন সদরের ঘোড়াগাছা গ্রামের শওকত আলীর ছেলে মিরাজুল ইসলাম (২২) এবং নরেন্দ্রপুর গ্রামের আজিজুল হাকিমের ছেলে আমিনুল্লাহ (২৭)কেও আটক করা হয়।
স্থানীয় সূত্র জানায়,ছালমা ও ফাতেমা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছিলেন। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে। তবে অভিযানের সময় ছালমা বেগমের স্বামী সাইদুল এবং ফাতেমার স্বামী জাবেদ পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।
অভিযান শেষে আটককৃত আসামিদের এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

Leave a Reply