যশোর সদর উপজেলার ১২নং ফতেপুর ইউনিয়নে টিসিবি (ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ) পণ্য বিতরণে চরম অনিয়মের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত ইউনিয়ন পরিষদ চত্বরে এই অনিয়ম চলে বলে অভিযোগ ভুক্তভোগীদের।
স্মার্ট কার্ডধারীদের বাদ দিয়ে রাজনৈতিক প্রভাব খাটিয়ে পছন্দের লোকদের মাঝে পণ্য বিতরণ করা হয়েছে বলে অভিযোগ ওঠেছে স্থানীয় বিএনপি নেতা এলেম হোসেনের বিরুদ্ধে। ভুক্তভোগীরা জানান, এলেম হোসেন তার পরিচিতদের পক্ষে জোরপূর্বক ডিলারদের চাপ দিয়ে পণ্য বিতরণ করান। স্মার্ট কার্ড না থাকা সত্ত্বেও তারা পণ্য পেয়েছেন, অথচ প্রকৃত কার্ডধারীরা বঞ্চিত হন।
স্থানীয়দের দাবি, ডিলাররা যখন এই অনিয়মের প্রতিবাদ করেন, তখন বিএনপি নেতা তাদের প্রতি ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং হুমকি প্রদান করেন। ডিলারদের ওপর চড়াও হয়ে তিনি নানা রকম হুমকি দেন বলেও অভিযোগ রয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, অনেক স্মার্ট কার্ডধারী সুবিধাভোগী ক্ষোভ প্রকাশ করেন এবং জানান, দীর্ঘদিন ধরে তারা তালিকা অনুযায়ী টিসিবির পণ্য পাচ্ছেন। অথচ এদিন তারা পণ্য থেকে বঞ্চিত হন।
এ বিষয়ে যশোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তার বলেন, “নিয়ম অনুযায়ী সকাল থেকে বিকেল পর্যন্ত স্মার্ট কার্ডধারীদের মাঝে টিসিবির পণ্য বিতরণ করা হবে। কেউ নিয়ম লঙ্ঘন করলে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।”
জানা যায়, ফতেপুর ইউনিয়নে তিনজন ডিলার টিসিবি পণ্য বিতরণের দায়িত্বে ছিলেন। এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলে অভিযুক্ত বিএনপি নেতা এলেম হোসেন ফোন রিসিভ করেননি।

Leave a Reply