যশোরের বাঘারপাড়া উপজেলার নারিকেলবাড়ীয়া ইউনিয়নের পুনিহার শ্রী-রামপুর গ্রামে এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
পুনিহার শ্রীরামপুর গ্রামের মফিজুর মুন্সি (৫৫) মঙ্গলবার প্রতিবন্ধীকে একা পেয়ে এই ধর্ষণ চেষ্টা চালায়।
বাঘারাপাড়ায় এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের চেষ্টা করেছে লম্পট মফিজুর, সে বর্তমানে পলাতক। একটি অসহায় ও প্রতিবন্ধী নারীর প্রতি এমন পাশবিক আচরণ কেবল মানবতার অপমান নয়, বরং সমাজে নারীর নিরাপত্তা ও মর্যাদার ওপর সরাসরি আঘাত।
ভুক্তভোগীর মা বলেন, প্রতিদিনের ন্যায় আমি ও আমার স্বামী সকালে জমি চাষাবাদের জন্য মেয়েকে একা বাড়িতে রেখে মাঠে যাই। আমার মেয়ে আনুমানিক সকাল ১১টার দিকে বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায়।
মফিজুর আমার মেয়েকে একা পেয়ে পুকুর থেকে হাত ধরে ঘরে এনে ধর্ষণের চেষ্টা করে। এসময় তার মেয়ে চিৎকার শুরু করলে তার দাদি পাশের বাড়ি থেকে এসে দেখে তার মেয়েকে ধর্ষণ চেষ্টা করা হচ্ছে। তখন মফিজুর তাদেরকে ধাক্কা মেরে বাড়ি থেকে পালিয়ে যায়।
মফিজুর রহমানের বিষয়ে আশেপাশের প্রতিবেশীরা বলেন, লম্পট মফিজুরের কারণে গ্রামের মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। গ্রামের কোন নারী তার নজর থেকে বাদ পড়ে না, কথিত আছে তার আপন ছেলের বৌকে ধর্ষণ করেছে এই মফিজুর, যা টাকা দিয়ে মীমাংসা করা হয়েছে।
এ বিষয়ে ভুক্তভোগীর পিতা বলেন, এলাকার একটি রাজনৈতিক মহলের প্রভাবের কারণে আমি থানায় অভিযোগ দিতে পারছি না।
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুল আলম বলেন, আমি গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়েছি। তখন থেকেই অপরাধী মফিজুরকে ধরার জন্য পুলিশ চেষ্টা চালাচ্ছে। এখনও পর্যন্ত থানায় কেউ মামলা বা অভিযোগ দিতে আসেনি।






Leave a Reply