যশোর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও ইংরেজি দৈনিক আওয়ার টাইমস-এর জেলা প্রতিনিধি জাহিদুল কবীর মিল্টনকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় তিনি কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডিতে মিল্টন উল্লেখ করেন, তার প্রতিবেশী সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা কাজী নুরুল মোহাইমেন লকেট তার বাড়ির গেটের সামনে ইচ্ছাকৃতভাবে শত্রুতামূলকভাবে সিসি ক্যামেরা স্থাপন করেন। এতে তার ও তার পরিবারের গোপনীয়তা লঙ্ঘনের পাশাপাশি নিরাপত্তা বিঘ্নিত হচ্ছিল।
বিষয়টি নিয়ে তিনি ১২ এপ্রিল কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দাখিল করেন। এর পরদিন ১৩ এপ্রিল বিভিন্ন পত্রিকা ও অনলাইন মাধ্যমে “যশোর উপশহরে সাবেক সেনা কর্মকর্তার অবৈধ কর্মকাণ্ডে এলাকাবাসী অতিষ্ঠ” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এতে ক্ষুব্ধ হন লকেট।
পরবর্তীতে ১৪ এপ্রিল রাত ৮টা ৪২ মিনিটে লকেট তার মোবাইল নম্বর (০১৭১০৯২৮৮৪৪) থেকে মিল্টনের ছোট ভাই মিরাজুল কবীর টিটোর মোবাইলে ফোন করে হুমকি দেন। ফোনে তিনি বলেন,”তোর ভাই কাজটা ঠিক করলো না। আমার হাতে সেনাবাহিনীর ১০ জন অফিসার আছে, আমি ইচ্ছা করলে অনেক কিছু করতে পারি। পরে যেন সুপারিশ করতে আসিস না।”
এ ঘটনার পরদিন ১৫ এপ্রিল বিকালে শহরে যাওয়ার পথে ঘোপ সেন্ট্রাল রোড কবরস্থানের সামনে মিল্টনের গতিরোধ করে ৩-৪ জন অজ্ঞাত সন্ত্রাসী। তারা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেয়। তারা বলেন,”মানুষের নামে রিপোর্ট করিস? আবার করলে মেরে ফেলবো।
” এসময় স্থানীয় লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা দ্রুত পালিয়ে যায়।মিল্টন অভিযোগ করেন, নুরুল মোহাইমেন লকেটের কেয়ারটেকার নাজমুলের সঙ্গে স্থানীয় চোর, ছিনতাইকারী ও সন্ত্রাসীদের সখ্যতা রয়েছে।
ধারণা করা হচ্ছে,লকেটের ভাড়া করা সন্ত্রাসীরাই এ হামলার পেছনে রয়েছে। তিনি দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।

Leave a Reply