যশোর জেলায় গত মার্চ মাসে অপরাধ প্রবণতা হ্রাস পেয়েছে। এ সময় ২৫৭টি অপরাধ সংঘটিত হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৪২টি কম। জেলা প্রশাসক আজাহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় এ তথ্য উপস্থাপন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কমলেশ সরকার।
সভায় জানানো হয়,পুলিশের সক্রিয়তা ও জিরো টলারেন্স নীতির কারণে অপরাধীরা এখন আতঙ্কে রয়েছে। সড়ক দুর্ঘটনা রোধে আরও সতর্ক হওয়ার আহ্বান জানানো হয়।
সভায় “সংখ্যালঘু নির্যাতন”শিরোনামে প্রচারিত লিফলেট ও পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন নিয়ে বিতর্ক হয়। রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিকসহ কয়েকজন বক্তা দাবি করেন, এসব অভিযোগের অনেক অংশই ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
বক্তারা বলেন, বিএনপি ও জামায়াত নেতাদের নেতৃত্বে সংখ্যালঘুদের বাড়ি ও পূজামণ্ডপ পাহারা দেওয়ায় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
পুলিশ সুপার রওনক জাহান জানান,জেলা পুলিশের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং প্রকৃত ঘটনা প্রকাশে কাজ চলছে।
জেলা প্রশাসক সকল রাজনৈতিক ও সামাজিক সংগঠনকে ঐক্যবদ্ধ থেকে গুজব ও ষড়যন্ত্র মোকাবেলার আহ্বান জানান।

Leave a Reply