জুলাই গণঅভ্যুত্থানে আহতদের সম্মানে যশোর সেনানিবাসে আজ মঙ্গলবার সেনাবািহীর পক্ষ থেকে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
ইফতার-পূর্ব সংক্ষিপ্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন ৫৫ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও যশোর এরিয়া কমান্ডার মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম।
তিনি জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে শ্রদ্ধা ও আহতদের প্রতি সমবেদনা জানান।
সিএমএইচে চিকিৎসা নেওয়া আহতদের উদ্দেশে যশোর এরিয়া কমান্ডার বলেন, ‘আপনারা বীর। আপনাদের ত্যাগ ও অবদান জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করে।’
তিনি বলেন, শহীদ ও আহতদের আত্মত্যাগ নতুন বাংলাদেশের পথ দেখিয়েছে। তাদের অবদান এই জাতির অগ্রগতিতে পাথেয় হয়ে থাকবে।
মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম আরও বলেন, ‘জুলাই-আগস্টে যশোর এরিয়ার অধীন ১১ জেলার ছাত্র-জনতা যেভাবে গৌরবোজ্জ্বল ভূমিকা রেখেছে, একইভাবে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে এগিয়ে নেবে বলে আশা করি।’
প্রসঙ্গত, জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সেনাবাহিনীর যশোর এরিয়ার অধীন ১১ জেলায় আহতদের মধ্যে ৩৭ জনকে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
ইফতার মাহফিলের আগে জিওসি জুলাই অভ্যুত্থানে আহত আমন্ত্রিত আহতদের সঙ্গে কুশলবিনিময় করেন। পরে শহীদদের আত্মার মাগফেরাত, আহতদের সুস্থতা কামনা করে দোয়া করা হয়।

Leave a Reply