হাইকোর্টের দ্বৈত বেঞ্চ বিচারপতি মোহাম্মদ উল্লাহ এবং বিচারপতি ফয়েজ আহমেদের রায়ে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-এর নিবন্ধন বাতিলকে অবৈধ ঘোষণা করা হয়েছে। এর ফলে নির্বাচন কমিশনের ৩৬ নম্বর নিবন্ধন ফিরে পেলো জাগপা।
জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ১৯৮০ সালের ৬ এপ্রিল শফিউল আলম প্রধানের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়।
২০০৮ সালের ২০ নভেম্বর দলটি নির্বাচন কমিশন থেকে নিবন্ধন লাভ করে। তবে এক যুগের বেশি সময় পর, ২০২১ সালের ১ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন জাগপার নিবন্ধন বাতিল করে। প্রায় চার বছর দুই মাস পর, ২০২৫ সালের ১৯ মার্চ উচ্চ আদালতের রায়ে পুনরায় নিবন্ধন ফিরে পেল দলটি।
নিবন্ধন ফিরে পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জাগপা সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান বলেন,
“মহান রাব্বুল আলামীনের দরবারে শুকরিয়া আদায় করছি। আমরা আমাদের রাজনৈতিক অধিকার ফিরে পেয়েছি। দেশ ও জনগণের প্রয়োজনে জাগপার সংগ্রাম চলবে।”
জাগপা প্রেসিডিয়াম সদস্য নিজামদ্দিন অমিত বলেন,”নিবন্ধন বাতিলের পক্ষে তৎকালীন নির্বাচন কমিশন যে কারণই দেখাক না কেন, মূল কারণ ছিল জাগপার ভারতীয় আধিপত্যবাদ ও আগ্রাসনবিরোধী রাজনীতি।ভারতের ‘র’ এর পরিকল্পনায় এবং শেখ হাসিনার নির্দেশনায় জাগপার নিবন্ধন বাতিল করা হয়েছিল।
আজ সত্যের জয় হয়েছে। তিনি বলেন,শ্রদ্ধাভরে স্মরণ করছি জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের এবং লড়াকু সৈনিকদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি এবং জাগপা তার রাজনৈতিক অধিকার ফিরে পেয়েছে। আধিপত্যবাদবিরোধী সংগ্রামে আমরা আপোষ করবো না।”
জাগপার এই বিজয়ে দলটির নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং দলটি তাদের রাজনৈতিক কার্যক্রম আরও জোরদার করার ঘোষণা দিয়েছে।

Leave a Reply