টিম সাউদির বলে মিড অনে খেলে সিঙ্গেল নিলেন শান মাসুদ। রান পূর্ণ করার আগেই শুরু করে দিলেন উদ্যাপন। কেন করবেন না! এ জয়টা তো বিশেষ কিছুই পাকিস্তান ক্রিকেটে!
তিন দিন আগেও টুর্নামেন্ট থেকে প্রায় ছিটকে পড়েছিল পাকিস্তান। সেই তারাই আগামী ১৩ নভেম্বর খেলবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে। প্রথম সেমিফাইনালে সিডনিতে নিউজিল্যান্ডকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের তৃতীয় ফাইনালে চলে গেছে পাকিস্তান। এর আগে বিশ্বকাপের প্রথম দুই আসর—২০০৭ ও ২০০৯ সালে ফাইনালে খেলেছিল তারা।
১৫২ রান তাড়ায় পাকিস্তানকে দুর্দান্ত শুরু এনে দেন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান, তাদের ওপেনিং জুটিতেই ওঠে ১০৫ রান। নিউজিল্যান্ড মূলত ছিটকে যায় সেখানেই। এরপর বাবর, রিজওয়ানকে ফেরাতে পারলেও সেটি বেশ দেরি হয়ে গেছে কিউইদের। সিডনির এ উইকেটে ১৫২ রান ডিফেন্ড করতে অসাধারণ কিছু করতে হতো বোলিংয়ে, সেটি হয়নি।
টসে হেরে ফিল্ডিং করতে হয়েছিল পাকিস্তানকে, দুই অধিনায়কই যেখানে আগে ব্যাটিং করতে চেয়েছিলেন। তবে প্রথম ওভারেই ফিন অ্যালেনকে ফিরিয়ে যেন গতিপথটা ঠিক করে দিয়েছিলেন আফ্রিদি। পরে ড্যারিল মিচেলের ফিফটিতে ১৫০ পেরোলেও পাকিস্তানকে আটকাতে পারল না নিউজিল্যান্ড। অনলাইন ডেস্ক

Leave a Reply