কখনো আইনজীবী সহকারী, আবার কখনো জেলা প্রশাসক কার্যালয়ের কর্মচারি পরিচয় দিয়ে দাপিয়ে বেড়ানো সেই চিহ্নিত টাউট শহিদুল ইসলাম ও তার ছেলে আলাউদ্দিনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
চাঁদাবাজি মামলায় সোমবার মামলার ধার্যতারিখে তারা আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানালে বিচারক তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী কাজী ফরিদুল ইসলাম। শহিদুল মণিরামপুর উপজেলার রোহিতা কোদলাপাড়া গ্রামের নিছার আলীর ছেলে।
উল্লেখ্য, ২০২৪ সালের ২০ অক্টোবর রাতে মণিরামপুর থানা পুলিশের হাতে আটক হন। এ ঘটনায় কোদলাপাড়া গ্রামের খাইরুজ্জামান আকাশ বাদী হয়ে শহিদুল ও তার ছেলের বিরুদ্ধে মামলা করেন।
মামলা সূত্রে জানা যায়, শহিদুল ইসলাম আকাশের বাবা রুপচাঁনের কাছে ২০ লাখ টাকা চাঁদাদাবি করে। টাকা না দেয়ায় গত ২ সেপ্টেম্বর রাত নয়টার দিকে দেশীয় অস্ত্র নিয়ে শহিদুলসহ আরও কয়েকজন আকাশের বাড়িতে হামলা চালায়।
এসময় টাকা না দিলে রুপচানের গলায় চাকু ধরে জবাই করে হত্যার হুমকি দেয়। বাধ্য হয়ে রুপচান বাড়িতে থাকা ধান বিক্রির ৫৫ হাজার টাকা তুলে দেয় শহিদুল চক্রের হাতে।
সাতদিন সময় নির্ধারণ করে বাকি টাকা না দিলে জমি লিখে নেয়ার হত্যার হুমকি দিয়ে শহিদুল চক্র চলে যান। বিষয়টি জানতে পেরে আইনি আশ্রয় নেন ছেলে খাইরুজ্জামান আকাশ।
এ মামলায় আদালতে ওই দুইজনকে অভিযুক্ত করে চার্জশিট জমাদেন তদন্ত কর্মকর্তা এসআই অমিত কুমার দাস।

Leave a Reply