যশোরের বাঘারপাড়ার বন্দবিলা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার খাজুরা ইসলামিয়া ফাজিল (স্নাতক) মাদরাসা মাঠে এ অনুষ্ঠান করা হয়।
মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল বলেন, দেশে এমন লোকের শাসন প্রতিষ্ঠিত হতে হবে, যারা আল্লাহকে ভয় পান। সে বৈশিষ্ট্যের লোক তৈরির জন্যই আল্লাহ আমাদের রমজানের মতো নিয়ামত দান করেছেন। তাই দুনিয়ায় শান্তি ও আখেরাতে মুক্তির জন্য আমাদের সবাইকে ইসলামের ছায়াতলেই ঐক্যবদ্ধ হতে হবে।
আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, বাঘারপাড়া উপজেলা জামায়াতের সেক্রটারি আব্দুল জব্বার। বন্দবিলা ইউনিয়নের আমির আব্দুর রাজ্জাক খানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল আলিম, কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল সাত্তার ও মাওলানা হাফিজুর রহমান, খাজুরা আদর্শ শাখা শিবিরের সভাপতি এবি মুন্তাসির প্রমুখ।
ইফতার মাহফিলে বন্দবিলা ইউনিয়ন জামায়াতে ইসলামী ও অঙ্গ সংগঠনের প্রায় সহস্রাধিক নেতা-কর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার মানুষের উপস্থিতি যেন এক মিলনমেলায় পরিণত হয়। দীর্ঘদিন ফ্যাসিবাদ আন্দোলনের পর জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে এমন একটি পরিবেশ সৃষ্টি হওয়ায় সবাই মহান রবের কাছে শুকরিয়া আদায় করেন।

Leave a Reply