যশোর শহরের বঙ্গবাজারে চৌধুরী ফার্মেসি অ্যান্ড সার্জিক্যাল নামের একটি ওষুধের দোকানের তালা ভেঙে মালামাল ও নগদ টাকা লুটের ঘটনায় প্রধান অভিযুক্ত শহিদুল হক নাদিমকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
রোববার (৯ মার্চ) যশোরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়ার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন নাদিমসহ অপর দুই আসামি আহাদ ও রাজু আহম্মেদ।
তবে বাদী সোহেল রানা আদালতে উপস্থিত হয়ে অভিযোগ করেন, নাদিম তাকে হুমকি-ধামকি দিচ্ছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে বিচারক নাদিমের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তবে অপর দুই আসামি জামিন পেয়েছেন।
আদালত চত্বরে বাদীকে মারধরের অভিযোগ জানা গেছে, আদালত চত্বরে আসামি নাদিম ও তার সহযোগীরা বাদী সোহেল রানাকে মারধর করেন এবং নানা রকম হুমকি দেন।
এ নিয়ে আদালতের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।লুটের ঘটনা ও মামলা মামলার বিবরণে জানা যায়, ওষুধ ব্যবসায়ী সোহেল রানা ৭০ লাখ টাকায় বঙ্গবাজারের ১২ ও ১৩ নম্বর দোকানের পজিশন কিনেছিলেন শহিদুল হক নাদিমের কাছ থেকে।
তবে গত ২৫ ডিসেম্বর নাদিম ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না পেয়ে ২৫ ফেব্রুয়ারি সোহেল রানাকে অস্ত্রের মুখে জিম্মি করে দোকানের চুক্তিনামার মূল কপি ছিনিয়ে নিয়ে তা ছিঁড়ে ফেলেন এবং দোকানে তালা ঝুলিয়ে দেন।
সর্বশেষ, ৪ মার্চ দুপুরে নাদিমসহ তার সহযোগীরা প্রকাশ্যে দোকানে গিয়ে বস্তায় ভরে প্রায় ৫০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যান। এছাড়া ক্যাশ বাক্সে থাকা আরও ৫ লাখ টাকাও লুট করেন তারা। সর্বমোট ৫৫ লাখ টাকার ক্ষতি হয় বলে বাদী দাবি করেন।
এ ঘটনায় সোহেল রানা কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। মামলা তদন্ত শেষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply