ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের কচুবাড়ি মাদারগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে শ্লীলতাহানি ও ধর্ষণের অভিযোগ উঠেছে।
শনিবার (৮ মার্চ) দুপুরে বিদ্যালয়ে অতিরিক্ত ক্লাসের সময় এ ঘটনা ঘটে। অভিযুক্ত শিক্ষক মোজাম্মেল হক মানিক শিক্ষার্থীকে একা রেখে অন্যদের বের করে দিয়ে কক্ষের দরজা বন্ধ করে অপকর্ম করেন বলে অভিযোগ পাওয়া গেছে। পরে তিনি মোটরসাইকেলে করে ভুক্তভোগীকে বাড়ির পাশে নামিয়ে দেন।
বাড়িতে ফিরে শিক্ষার্থীটি কান্নাকাটি করে মায়ের কাছে ঘটনার বিস্তারিত জানালে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রকিবুল আলম চয়ন জানিয়েছেন, প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে, চূড়ান্ত পরীক্ষার পর বিস্তারিত বলা যাবে।
স্থানীয়রা জানান, অভিযুক্ত শিক্ষক এর আগেও এ ধরনের অভিযোগে সাময়িক বরখাস্ত হয়েছিলেন। ভুক্তভোগীর পরিবারের পাশাপাশি এলাকাবাসীও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম জানান, অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply